২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল ম্যাপের আওতায় আসছে সব পোশাক কারখানা

দেশের সব পোশাক কারখানার নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করতে এই খাতকে একটি অনলাইন ম্যাপের আওতায় আনা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2017, 07:28 PM

Updated : 19 Aug 2022, 05:10 PM

চার বছর মেয়াদী এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ডিজিটাল আরএমজি ফ্যাক্টরি ম্যাপিং ইন বাংলাদেশ’ বা ডিআরএফএম-বি।

শনিবার পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে ‘ডিআরএফএম-বি’র উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের অধীনে বাংলাদেশের সব পোশাক কারখানার সমন্বয়ে একটি ডিজিটাল মানচিত্র করা হবে। এটি হবে গুগল ম্যাপের মতোই।

এ ছাড়া প্রতিটি কারখানার বিস্তারিত তথ্য, কারখানার অবস্থান, শ্রমিক সংখ্যা, কোন ধরনের পণ্য তৈরি হয়, কারখানা ভবনের ধরন, কাছাকাছি হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন, ট্রেড ইউনিয়নের তথ্য থাকবে এতে।

প্রকল্পের মেয়াদ চলতি বছরের এপ্রিল থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত। সিঅ্যান্ডএ ফাউন্ডেশনের অর্থায়নে ও বিজিএমইএর সহায়তায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র (সিইডি)।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে ঘোষণা দিয়েছিলেন সেটি আজ বাস্তবতা। পোশাকখাতের ডিজিটাল ম্যাপিংয়ের এই প্রকল্প তারই প্রমাণ।”

প্রকল্পের পরিচালক পারভীন সুলতানা হুদা অনুষ্ঠানে জানান, সার্বজনীন ও নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি থাকার কারণে তৈরি পোশাক খাতের স্বচ্ছতা প্রায়ই প্রশ্নের মুখে পড়ে। কারখানার মোট সংখ্যা, অবস্থান, শ্রমিক সংখ্যা- এধরনের তথ্যের অপর্যাপ্ততার কারণে বিভ্রান্তি বাড়ে। এটি বাস্তবায়ন হলে পোশাকশিল্পের স্বচ্ছতা, জবাবদিহিতা ও স্থায়িত্ব বাড়বে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদ আন্দালিব বলেন, “এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশি-বিদেশি ক্রেতা-বিক্রেতা, শিল্পমালিক সবাই লাভবান হবেন।

“যে কোনো শিল্প টিকে থাকতে হলে তাকে দিনে দিনে আপডেট হতে হয়। বাংলাদেশের পোশাক রপ্তানি খাত বিশ্বে তার অবস্থান ধরে রাখতে হলে এধরনের নতুন নতুন উদ্ভাবনে যেতে হবে।”

অনুষ্ঠানে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সিঅ্যান্ডএ বাংলাদেশের মহাব্যবস্থাপক শান্তনু সিনহা উপস্থিত ছিলেন।