ভরা বর্ষায় চড়া মাছ-তরকারির দাম
ভরা বর্ষায় ঢাকায় বেড়েছে শাক-সবজি ও অন্যান্য তরকারির দাম; বেড়েছে মিঠা পানির মাছের দামও।
শুক্রবার রাজধানীর একাধিক বাজার ঘুরে দেখা যায়, বিভিন্ন রকম সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। আর গত দুই সপ্তাহে টমেটোর দাম কেজিতে বেড়েছে অন্তত ৫০ টাকা।
বিক্রেতারা বলছেন, অতিবৃষ্টি ও বানের পানির চাপে সবজি ক্ষেত কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রতিবছরই বর্ষার মওসুমে সবজির দাম কিছুটা বেড়ে থাকে।
মিরপুরের বড়বাগ কাঁচাবাজার ও মহাখালী কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, করলা ৫০ টাকা, পটল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, পেপে ৩০ থেকে ৩৫ টাকা, কচুমুখি ৪০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকায় প্রতি কেজি।
বড়বাগের সবজি বিক্রেতা আমিন বলেন, টমেটোর দামটা একটু বেশি বেড়েছে। এছাড়া অন্যান্য বছরও বর্ষায় সবজির দাম একটু বেড়ে থাকে। গত দুই সপ্তাহে অধিকাংশ সবজির দাম কেজিতে অন্তত ১০ টাকা করে বেড়েছে বলে জানান এই বিক্রেতা।
বাজারে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকা স্বত্ত্বেও রুই কাতলসহ আরও কয়েকটি মিঠা পানির মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বাড়তে দেখা গেছে।
রুই মাছের কেজি ২৮০ থেকে ৩০০ টাকায়, কাতল মাছের কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে চাষের কই আগের মতোই ১৫০ টাকায়, তেলাপিয়া ১২০ থেকে দেড়শ টাকায়, পাঙ্গাস ১২০ থেকে ১৩০ টাকায় কেজি বিক্রি হচ্ছে।
বাজারে প্রচুর সরবরাহ থাকায় ইলিশ মাছ বিক্রি হচ্ছে অনেকটা সুলভ মূল্যে। ৬০০ গ্রাম ওজনের এক জোড়া ইলিশ ৬০০ টাকায় এবং ৯০০ থেকে এক কেজি ওজনের ইলিশের জোড়া বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।
বড়বাগ বাজারে সদাই করতে আসা জোৎস্না বেগম বলেন, চালসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। এতদিন সবজির দাম কম থাকলেও এখন ৫০ টাকার নিচে কোনো ভালো সবজি পাওয়া যাচ্ছে না।
মহাখালীতে চালের একজন খুচরা বিক্রেতা জানান, মিনিকেট ৫৩ টাকায়, বিআর আটাশ ৪৮ টাকায় এবং মোটা চাল ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি করছেন তিনি।
তবে মিরপুর-২ নম্বরে পাড়ার একজন চাল বিক্রেতা জানান, চালের দাম কমার পর নতুন করে চালান করেননি তিনি। ফলে মিনিকেট ৫৭ টাকায়, পাইজাম ৫৩ টাকায় ও বিআর আটাশ চাল ৫২ টাকায় বিক্রি করতে হচ্ছে তাকে।
তবে ঢাকায় চালের প্রধান পাইকারি বাজার বাবুবাজারের পাইকার বসুন্ধরা রাইস এজেন্সির বিক্রেতা সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশ থেকে চাল আসার পর সিন্ডিকেট ভেঙে গেছে, মিলাররা চালের দাম কমাতে শুরু করেছেন।
“শুক্রবার বাবুবাজারের মিনিকেট ৫১ থেকে ৫২ টাকা, বিআর আটাশ ৪৫ থেকে ৪৬ টাকা, বিআর ঊনত্রিশ ৪৫ টাকা এবং মোটা চাল প্রতি কেজি ৩৯ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।”
