২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের ৩ হাজার ‘বিটিএস’ ব্যবহারে অন্য অপারেটররা

গ্রামীণফোন তার নিজস্ব ৩ হাজার ‘বিটিএস’ অন্য মোবাইল ফোন অপারেটরদের ব্যবহার করতে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 11:21 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

মঙ্গলবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলেছে, বাংলাদেশের কোনো মোবাইল ফোন অপারেটরের শেয়ার করা বিটিএস সাইটের মধ্যে এটাই সর্বোচ্চ।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি প্যাসিভ টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহারের অনুমতি দিলে গ্রামীণফোন ২০০৯ এ সাইট শেয়ারিং শুরু করে এবং ইন্টারনেট সেবা প্রদানকারী কিউবি ছিল প্রথম গ্রাহক।

গ্রামীণফোনের হেড অফ ইনফ্রাস্ট্রাকচার বিজনেস মাইনুর রহমান ভূইয়া বলেন, “বিটিআরসি ২০০৮ এ অবকাঠামো শেয়ারিং নীতিমালা প্রকাশ করার পর থেকে এখন পর্যন্ত অপারেটররা প্রায় ৮ হাজার সাইট একে অপরকে ব্যবহার করতে দিয়েছে, যা একই সময়ে স্থাপিত হওয়া বিটিএস এর ৫০ শতাংশেরও বেশি।"

মোবাইল টাওয়ার ব্যবস্থাপনার জন্য বিটিআরসির পৃথক লাইসেন্স দেওয়ার উদ্যোগ এবং তাতে মোবাইল অপারেটরদের অংশগ্রহণের সুযোগ না থাকা প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, “মোবাইল অপারেটরদের বিদ্যমান টাওয়ার নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও অন্যকে ব্যবহার করতে দেওয়ার ক্ষমতা অব্যাহত রাখা উচিত, একই সাথে টাওয়ার এর লাইসেন্সধারীরাও থাকবে ফলে টেলিযোগযোগ শিল্পে একটি প্রতিযোগিতা মূলক পরিবেশ বজায় থাকবে। এছাড়া এতে গ্রাহকদের জন্য উন্নত নেটওয়ার্ক নিশ্চিত হবে।”