সিঙ্গাপুরের ব্যবসায়ীদের সঙ্গে ৩টি চুক্তি
দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়াতে সিঙ্গাপুরের ব্যবসায়ীদের সঙ্গে তিনটি সমঝোতা চুক্তি করেছে বাংলাদেশি ব্যবসায়ীরা।
সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই), সিঙ্গাপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিঙ্গাপুর বিজনেস ফেডারেশন (এসবিএফ) এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের (বিডিচেম) মধ্যে এ চুক্তিগুলো হয়।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং বিডা চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ছিলেন।
বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সঙ্গে এফবিসিসিআই স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়- এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যৌথ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে। এছাড়া ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞ দল বিনিময় করবে উভয় পক্ষ।
পরে এফবিসিসিআই ও বিডার সঙ্গে একই ধরনের চুক্তি করে সিঙ্গাপুর বিজনেস ফোরাম (এসবিএফ)।
“আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার বিনিয়োগ ও শিল্পনীতি চালু করছি। অর্থনীতির উন্নয়নের উচ্চাকাঙ্খা পূরণে বিদেশি বিনিয়োগে অনেক প্রণোদনাও দেওয়া হচ্ছে।”
এফবিসিসিআই সহ-সভাপতি মো. মুনতাকিম আশরাফ বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ট্যাক্স হলিডে, ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ওপর শুল্ক মওকুফ এবং আমদানি শুল্কের পাশাপাশি অন্যান্য শুল্কহার কমানোসহ আরও কিছু প্রণোদনা রেখেছে।
“বাংলাদেশে ওষুধ শিল্প, জাহাজ নির্মাণ, সিরামিকস, চামড়াজাত পণ্য, পাট পণ্য, হাল্কা প্রকৌশল, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, জ্বালানি ও পর্যটন ইত্যাদি খাতে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।”
এসবিএফ চেয়ারম্যান এস এস টিও, বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, এসবিএফ’র ভাইস চেয়ারম্যান আর টেভেনড্রান এবং বিডিচ্যামের সভাপতি মির্জা গোলাম সবুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
