২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিনি, ব্রয়লার মুরগির দাম কমেছে

চিনির দামে দীর্ঘদিনের অস্বস্তিকর চড়ামূল্য কমতে শুরু করেছে। ঈদের আগে বেড়ে যাওয়া ব্রয়লার মুরগির দামও কিছুটা কমে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2017, 04:24 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

শুক্রবার ঢাকার একাধিক বাজার ‍ঘুরে দেখা যায়, শহরের কিছু এলাকায় পেঁয়াজ ও আলুর দাম বেড়েছে। তবে অধিকাংশ নিত্যপণ্যের দামই স্থিতিশীল।

এদিন মিরপুর ২ নম্বরের কাঁচাবাজারে প্রতি কেজি আলু ২৫ টাকা ও পেঁয়াজ ২৮ থেকে ৩০ টাকায় বিক্রি হতে দেখা যায়। দেশি রসুন ১০০ টাকা আর আমদানি করা রসুনের দাম কিছুটা কমে ১২০ থেকে দেড়শ টাকায় বিক্রি হচ্ছিল।

তবে একইদিন কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, আলুর পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ৭০ টাকায়, অর্থাৎ কেজি ১৪ টাকায়। আর ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৬ টাকা।

মিরপুরে আল মদিনা জেনারেল স্টোরের ব্যবস্থাপক বেলাল মাহমুদ জানান, আলু ও পেঁয়াজের দাম কিছুটা বাড়লেও তা অস্বাভাবিক নয়। প্রতি বছর সিজন শেষে আলুর দাম এই পর্যায়েই থাকে।

ঈদের আগের সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছিল প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকায়। তবে তা এখন কমে ১৪০ টাকা থেকে দেড়শ টাকায় নেমেছে।

ঢাকার বাজারগুলোতে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ডজন প্রতি ৮৫ টাকা থেকে ৯০ টাকায়। ডিমের বর্তমান এই মূল্য বছরের সর্বনিম্ন পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

মিলগেইটে চিনির দাম স্বাভাবিক থাকলেও দীর্ঘদিন ধরে কৃত্রিম সঙ্কটের কারণে চড়ামূল্যে বিক্রি হচ্ছিল চিনি। তবে ঈদের দুই সপ্তাহ পর তা অনেকটাই কেটে গেছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। 

কারওয়ান বাজারের মুদি দোকানি হাবিব রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন পর চিনির দাম কমেছে, যার প্রভাব পৌঁছেছে খুচরা বাজার পর্যন্ত। ঈদের আগে তারা ৭০ থেকে ৭২ টাকায় চিনি বিক্রি করলেও এখন বিক্রি করছেন ৬২/৬৩ টাকায়।

“বৃহস্পতিবার পাইকারি বাজার থেকে বস্তা (৫০ কেজি) ২৯শ টাকায় চিনি সংগ্রহ করি। সে হিসাবে প্রতি কেজির চিনির দাম পড়ে ৫৮ টাকা।”

তবে চিনির এই ন্যায্যমূল্য শহরের অন্যান্য স্থানে দেখা যায়নি। এদিন মিরপুরে খুচরা দোকানগুলোতে চিনির কেজি ৬৮ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাছের বাজারে মাঝারি আকারের (৬০০ গ্রাম) ইলিশের জোড়া ৭০০ টাকা, রুই মাছের কেজি ২৪০ টাকা, কাতল ৩০০ টাকা, টেংরা মাছ ৪০০, রুপচাঁদা ৪০০ এবং পাবদা ৩৫০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।

পটল ২০ টাকা, ঢেঁড়শ ২০ টাকা, কাকরোল ৩০ টাকা, শসা ৩০ টাকা, কচুমুখী ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, চিচিঙ্গা ৩০ টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে।