২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে নতুন কোর্স ‘মাস্টার অব অ্যাকাউনটেন্সি ইন ট্যাক্সেশন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এআইএস) বিভাগে ‘মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ নামে নতুন একটি কোর্স চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 07:04 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই বছর মেয়াদী এই কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তিচ্ছু প্রার্থীর অ্যাকাউন্টিং, ব্যবসায় শিক্ষা, আইন অথবা অর্থনীতিতে ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে।

কোনো প্রার্থীর সিজিপিএ ২.৫০ এর কম অথবা তৃতীয় বিভাগ থাকলে ভর্তি হতে পারবেন না। বছরে দুইবার এ কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তিচ্ছু প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষার পয়েন্ট থাকবে ৭০। ব্যাচেলর ডিগ্রি ও ভাইভার উপর ২০ পয়েন্ট থাকবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বেশি অভিজ্ঞতা থাকলে আরও ১০ পয়েন্ট পাবেন প্রার্থী।

দুই বছরের এ কোর্সটি সম্পন্ন করতে প্রায় আড়াই লাখ টাকার মতো লাগতে পারে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে ‘মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক খন্দকার হামিদ উল্লাহ ভূইয়া, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু ও অর্থ সম্পাদক মনির হোসেন উপস্থিতি ছিলেন। এআইএস বিভাগ ও সিএমজেএফ যৌথভাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করে।

বিস্তারিত তথ্য ও ভর্তির আবেদনপত্র পেতে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যোগাযোগ করতে হবে বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ ভবনের ৩০০৩ নম্বর কক্ষে। শুক্রবারে অফিস খোলা থাকবে বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আবেদন ফরম আগামী ২৭ জুলাই পর্যন্ত সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ আগস্ট সকাল ১১টায়।

এছাড়াও ‘মাস্টার অব অ্যাকাউন্টেন্সি ইন ট্যাক্সেশন’ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে প্রোগ্রাম পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করা যাবে (ফোন +৮৮০২৮১৪১৮৪৯, +৮৮০১৮১৭৬৮৪২০২; ইমেইল-mzr.rahman@gmail.com, mizan@du.ac.bd)।