টিনজাত মিষ্টি আনছে মিঠাই
টিনজাত মিষ্টি বাজারে আনছে প্রাণ-আরএফএল গ্রুপের মিষ্টির চেইন শপ ‘মিঠাই’।
টিনজাত এ মিষ্টি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে বলে সোমবার প্রাণ-আরএফএল গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর মধ্যে রসগোল্লা ও গুলাব জামুন নামে দুই ধরনের টিনজাত মিষ্টি মিঠাই’র দোকান থেকে জুলাই মাসের শেষের দিক থেকে কেনা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মিঠাই ভবিষ্যতে ডায়াবেটিক রোগীদের খাওয়ার উপযোগী মিষ্টিও বাজারে আনার পরিকল্পনা করছে জানিয়ে এতে জানানো হয়, বর্তমানে চমচম, কালোজাম, লালমোহন, রসগোল্লা, কাঁচাগোল্লা, কাঁচা সন্দেশ, ক্ষীর টোস্ট, মালাইকারি, লাড্ডু, হালুয়া, বরফি ও আমৃত্তিসহ ৩৩ ধরনের মিষ্টি বিক্রি করছে মিঠাই।
প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোক্তারা যেন খুব সহজেই কম খরচে মানসম্মত মিষ্টি কিনতে পারেন সেজন্য রাজধানীসহ সারা দেশে মিঠাইর দোকান চালু করা হচ্ছে।
বর্তমানে রাজধানীতে মিঠাইর ২০টি দোকান রয়েছে। ২০১৮ সাল নাগাদ সারা দেশে ১০০ দোকান চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
