২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুক লাইভে ‘রবি-টেন মিনিট স্কুল’

জেএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব স্তরের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষামূলক বিষয় প্রচার করছে রবি-টেন মিনিট স্কুল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2017, 07:30 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

রোববার মোবাইল ফোন অপারেটর রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেইসবুক লাইভ ফিচারটি ব্যবহার করে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থীর কাছে পৌঁছে যাচ্ছে এই প্ল্যাটফরমটি।

যাত্রা শুরুর দুই বছরেরও কম সময়ের মধ্যে রবি-টেন মিনিট স্কুল দেশের শীর্ষ অনলাইন স্কুলে পরিণত হয়েছে বলে দাবি রবির।

বিশেষত ঢাকার বাইরের শিক্ষার্থী, যাদের মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ সীমিত, তাদের জন্য একটি সঠিক বিকল্প এই প্ল্যাটফরম।

রবি-টেন মিনিট স্কুলের প্রতিটি ডিজিটাল ক্লাসরুমে কমপক্ষে ১৫ হাজার শিক্ষার্থী অংশ নেন।

রসায়নের নানা বিক্রিয়া, গণিতের বিভিন্ন কঠিন ধারণা বোঝানো বা দৈনন্দিন জীবনের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয় এখানে।

ফেইসবুকের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট ল্যাবের আওতায় পাওয়ার পয়েন্ট বা ইলাস্ট্রেটরের মতো সফটওয়্যারের টুলগুলো নিয়েও আলোচনা হয়।

এছাড়া ফেইসবুকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের মাধ্যমে বিনামূল্যে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা শিক্ষার সুযোগ এনেছে রবি-টেন মিনিট স্কুল।

প্ল্যাটফরমটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে এটি শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে সম্পর্কের ধারণায় পরিবর্তন এনেছে। প্রথাগত প্রক্রিয়া ভেঙে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে মুক্ত আলোচনার সুযোগ এনেছে রবি-টেন মিনিট স্কুল।

লাইভ চলাকালে শিক্ষার্থীরা চ্যাটরুমে তাদের প্রশ্ন বা ভাবনা শিক্ষকের কাছে তুলে ধরতে পারেন, যার উত্তর শিক্ষকরা সাথে সাথে দিয়ে থাকেন।

চলতি বছর বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সম্মানজনক গ্লোবাল মোবাইল অ্যাওয়ার্ডস অর্জন করেছে যুগান্তরকারী এই প্ল্যাটফরমটি। বেস্ট মোবাইল ইনোভেশন ফর অ্যাডুকেশন অ্যান্ড লার্নিং ক্যাটাগরিতে অ্যাওয়ার্ডটি অর্জন করেছে রবি-টেন মিনিট স্কুল।

www.facebook.com/10minuteschool  সাইটটি ভিজিট করে শিক্ষার্থীরা এই ডিজিটাল ক্লাসরুমে যোগ দিতে পারেন।