২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চালের বাজারে ক্রেতাদের অস্বস্তি কাটেনি

কয়েকমাস ধরে বাড়তে থাকা চালের লাগামহীন দর সরকারের নানা পদক্ষেপের ঘোষণার পরও নিয়ন্ত্রণে না আসায় নিম্ন-মধ্যবিত্তসহ মানুষের জীবনযাত্রায় স্বস্তি আসেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 04:58 PM

ঈদের ছুটির পর শুক্রবার ঢাকার একাধিক বাজার ঘুরে দেখা যায়, মাসখানেক ধরে চলা চালের দর অপরিবর্তিত রয়েছে; ভালো মানের মোটা চাল কেজিপ্রতি ৪৮-৫০ টাকা এবং সরু চাল ৫০ থেকে ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

নিম্ন আয়ের একাধিক ক্রেতা চালের দরবৃদ্ধির কারণে তাদের জীবনযাত্রার কষ্টের কথা জানালেন।চালের দাম কমাতে না পারায় সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করেন তারা।

শেওড়াপাড়া, কচুক্ষেত, কারওয়ান বাজার ও মহাখালী বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের মধ্যে স্বর্ণা কেজি প্রতি ৪৮-৫০ টাকা ও পাইজাম কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়। সরু চালের মধ্যে মিনিকেট কেজিতে ৫৪-৫৬ টাকা, নাজিরশাইল ৫৫-৬০ ও আঠাইশ বিক্রি হচ্ছে ৫০-৫২ টাকায়।

কচুক্ষেত বাজারে চাল কিনতে আসা চাকরিজীবী মোবারক হোসেন বলেন, “বেশ কিছুদিন ধরেই চালের দাম লাগামহীনভাবে বেড়ে চলছে। আমাদের মতো মধ্যবিত্তের জীবন ধারণ কঠিন হয়ে যাচ্ছে।”

সরকারি হিসাবে জুন পর্যন্ত গত এক বছরে সাধারণ মানের মোটা চালের দাম বেড়েছে ১৬ শতাংশের বেশি; আর এক বছরে বেড়েছে ৪৮ শতাংশ।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা টিসিবির হিসাবে দেখা যায়, বৃহস্পতিবার ঢাকার বাজারে মানভেদে প্রতিকেজি চাল সর্বনিম্ন ৪৬ টাকা থেকে সর্বোচ্চ ৬০ টাকায় বিক্রি হয়েছে।

দাম বাড়ায় অসন্তোষ প্রকাশ করেন শুক্রবার শেওড়াপাড়া বাজারে চাল কিনতে আসা স্থানীয় সাহিদা বেগম।

তিনি বলেন, “আমাদের যৌথ পরিবারে দিনে কয়েক কেজি চাল লেগে যায়। চালের দাম বাড়লে আমাদের খুব কষ্টে পড়তে হয়।”

চালের দাম বাড়ার বিষয়ে কচুক্ষেত বাজারের খুচরা বিক্রেতা জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কেজিতে তিন থেকে চার টাকা লাভ করি। গত এক মাস ধরে বেশি টাকায় চাল কেনা পরছে।”

বন্যায় ধান নষ্ট হওয়াকে চালের দর বাড়ার কারণ হিসেবে দেখান শেওড়াপাড়ার খুচরা বিক্রেতা আজাদ মিয়া।

তিনি বলেন, “পাইকারি বিক্রেতাদের থেকে চাল কিনি আমরা। তারা চালের দাম বাড়াইলে আমাদের কিছু করার থাকে না।”

কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা শমশের বলেন, “দুই-তিন মাস ধরেই চালের দাম বেশি, মিলাররা দাম বেশি রাখে। চালের বস্তা প্রতি ২০-৫০ টাকা লাভ হয় আমাদের।”

শুক্রবার কচুক্ষেত ও কারওয়ান বাজারে দেখা যায়, পাইকারিতে বস্তা প্রতি (৫০ কেজি) স্বর্ণা দুই হাজার ২৭০ থেকে দুই হাজার ২৮০ টাকায়, পাইজাম দুই হাজার ৩৮০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরু চালের মধ্যে মিনিকেট বস্তাপ্রতি দুই হাজার ৬৮০ থেকে দুই হাজার ৭০০, নাজিরশাইল তিন হাজার ২০০ থেকে দুই হাজার ৭০০ এবং বিআর আঠাইশ (দেশি) দুই হাজার ৪০০ ও বিআর আঠাইশ (বিদেশি) দুই হাজার ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

কচুক্ষেত বাজারের মা তৃপ্তি ট্রেডার্সের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন বলেন, “চালের দাম অনেক চড়া, প্রচুর দাম। টাকা দিয়েও ভাল চাল পাচ্ছি না।”

চালের দাম বৃদ্ধির পেছনে ‘মিল মালিকদের সিন্ডিকেট’ ও ‘সরকারের অব্যবস্থাপনা’ দায়ী বলে মনে করেন কচুক্ষেত বাজারের সবচেয়ে বড় পাইকারি চাল বিক্রেতাদের একজন জনপ্রীতি রাইস এজেন্সীর সত্ত্বাধিকারী ফজলুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মিল মালিকেরা প্রচুর চাল মজুদ করে সিন্ডিকেট করছে। কুষ্টিয়া, নওগা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মিল মালিকরা এই সিন্ডিকেট বেশি করছে।

“মিল মালিকেরা বুঝে গেছে সরকারের মজুদে চাল নাই, তাই তারা ইচ্ছামতো মুনাফা হাতাচ্ছে।”

বুধবার সংসদে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় প্রধানমন্ত্রী নিজেও চালের দাম অস্বাভাবিক বৃদ্ধির জন্য অসাধু ব্যবসায়ীদের কারসাজিকে দায়ী করেছেন।

বাজারের অন্য পণ্যের মধ্যে রোজার শেষ দিকে মাংসের দাম বাড়লেও তা কিছুটা কমে এসেছে।

গরুর মাংস কেজি প্রতি ৪৮০ টাকা, খাসি ৫৮০-৬০০ টাকা, বিদেশি মুরগি কেজিতে আড়াইশ টাকা ও দেশি মুরগী প্রতি কেজির দাম পড়ছে ৪৫০ টাকা।

কাতল মাছ কেজিতে ৪০০ টাকা, পাঙ্গাস মাছ কেজিতে দুই হাজার টাকা, ইলিশ কেজিতে সাড়ে তিন হাজার, গলদা চিংড়ি কেজিতে ৭৫০-৮০০ টাকা, পাবদা মাছ কেজিতে ৭০০ টাকা, ট্যাংড়া মাছ ৬৫০ টাকা, রুপচাঁদা ৮৫০ টাকা, ছোট চিংড়ি ৬৫০ টাকা ও শিং মাছ প্রতি কেজির দাম রাখা হচ্ছে ৫০০ টাকা।