২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল সিম বিক্রিতে ১৮ ঘণ্টা সমস্যা হতে পারে

মোবাইল সিমের তথ্য সংরক্ষণে নতুন পদ্ধতিতে ডেটা আপডেট শুরুর প্রক্রিয়ায় বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১৮ ঘণ্টা মোবাইল সিম বিক্রিতে বিঘ্ন ঘটতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2017, 04:03 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

বুধবার সচিবালয়ে ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম’ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ তথ্য জানান।

সিম নিবন্ধনে বায়োমেট্রিক ভেরিফিকেশনের ধারাবাহিকতায় আরও একটি ধাপ হচ্ছে ‘সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্লাটফর্ম’। দেশের সব অপারেটর এই মনিটরিং প্লাটফর্মে যুক্ত হয়েছে।

২০১৫ নভেম্বর থেকে বায়োমেট্রেক পদ্ধতিতে সিম নিবন্ধন শুরু হওয়ার পর অপারেটররা গ্রাহকের এনআইডি যাচাই করে সিম নিবন্ধন করে আসছিল। শুক্রবার থেকে এ প্ল্যাটফর্ম চালু হলে নতুন সিম নিবন্ধনের বিষয়টি বিটিআরসির সম্মতির উপর নির্ভর করবে।

Image
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ছবি)

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ছবি)

গত ৩০শে মে পর্যন্ত  বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের ডাটাবেইজ আপডেট করা হয়েছে এবং নতুন প্ল্যাটফর্ম চালুর জন্য বৃহস্পতিবার থেকে চূড়ান্ত আপডেট করার সময় সিম বিক্রির ক্ষেত্রে বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়ায় কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে তারানা হালিম জানান।

তবে আপডেট হয়ে গেলে শুক্রবার বিকাল থেকে সিম বিক্রিতে আর কোনো সমস্যা থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

যেভাবে কাজ করবে মনিটরিং প্ল্যাটফর্ম

>> বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে যে কোনো অপারেটরের সিম কিনতে চাইলে অপারেটরদের সেই তথ্য যাবে বিটিআরসির সেন্ট্রাল মনিটরিং সিস্টেমে।

>> সিস্টেম এনআইডির সঙ্গে যাচাই করতে দেখবে গ্রাহকের এনআইডির বিপরীতে কয়টি সিম রয়েছে। নিয়ম অনুযায়ী সব অপারেটর মিলিয়ে একজন গ্রাহক ২০টির বেশি সিম রাখতে পারেন না। সব ঠিক থাকলে বিটিআরসি জানিয়ে দেবে, সিম নিবন্ধন করা যাবে কি না।

>> অপারেটর তথ্য প্রাপ্তি সাপেক্ষে সিমটি ভেরিফাই ও নিবন্ধন করবে।

>> এ প্রক্রিয়ায় মোবাইল গ্রাহক সংখ্যা নিয়ে পরিসংখ্যান দেওয়া সহজ হবে। কোনো ডেটা নিয়ে সন্দেহ হলে বিটিআরসি তা যাচাই করে নিতে পারবে।

গ্রাহকদের কোনো ধরনের হয়রানিতে না ফেলেই এ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী জানান, গত ৩০ মে পর্যন্ত সব অপারেটর মিলিয়ে বায়োমেট্রেক পদ্ধতিতে নিবিন্ধন সিমের সংখ্যা ১৩ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে।   

ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর সিকদারসহ বিটিআরসির কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।