২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমে উঠেছে ঈদ বাজার

রোজার মাসের মাঝামাঝিতে এসে জমে উঠেছে ঈদের কেনাকাটা, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর বিপণিবিতানগুলোতে ক্রেতা উপস্থিতি আর বেচা-বিক্রিতে সন্তোষ প্রকাশ করেছেন বিক্রেতারা।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 10:33 PM

Updated : 11 Oct 2022, 02:08 PM

ঈদের আগের বাকি দিনগুলোতেও এভাবে বিক্রি হবে বলে আশা করছেন তারা।

এদিন সকাল থেকেই ক্রেতাদের পদচারণায় মুখর হয়ে ওঠে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, নিউ মার্কেট, গাউছিয়া, চাঁদনী চক, নূরজাহান সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতান। দিনভর বেচা-কেনায় ব্যস্ত সময় পার করেন ক্রেতা-বিক্রেতারা।

চাঁদনী চক মার্কেটের ‘নিউ হেভেন ফ্যাশন’র বিক্রয়কর্মী রিপন বলেন, রোজা শুরুর পর থেকে শুক্রবারই বেশি ক্রেতা পেয়েছেন তারা।

“অন্যান্য ঈদে তো ৩-৪ রোজা থেকেই ধুমছে কাস্টমার আসতে থাকে, বিক্রিও হয় ভালো। কিন্তু এবার আজকেই সবচেয়ে বেশি কাস্টমার আসছে।"

‘নিউ হেভেন ফ্যাশন’র তাকগুলোতে সাজানো হয়েছে নানা কাপড় আর নকশার মেয়েদের পোশাক।

“এবার জর্জেটের কালেকশনই বেশি চলছে,” বলেন রিপন।

এই বিপণিবিতানের ‘নোমান টেক্সটাইলের’ ব্যবস্থাপক মনির বলেন, “এত দিন যা বিক্রি হইছে, তা গত ঈদের তুলনায় অনেক কম। আজ অনেক ক্রেতা এসেছে। ভিড়ও অনেক বেশি। বিক্রিও হচ্ছে বেশি।”

নিউ মার্কেটের মেয়েদের পোশাকের দোকান মেঠোপথ ফ্যাশনের বিক্রয়কর্মী আরমান মিয়া বলেন, "রোজার শুরুর পর যত ক্রেতা এসেছে, আজকে মনে হয় তারচেয়ে বেশি এসেছে। কিন্তু সে তুলনায় এতটা বিক্রি হয়নি।"

নিউ মার্কেটে ছেলেদের শার্ট-প্যান্টের দোকান জনসন গার্মেন্টসের বিক্রয়কর্মী রাব্বী বলেন, “আজকে অনেক কাস্টমার আসছে। সামনেও এমন জমবে মনে হচ্ছে।"

এই মার্কেটে কেনাকাটা করতে আসা ঢাকা কলেজের শিক্ষার্থী বায়েজীদ হোসেন বলেন, “বাড়ী চলে যাব। তাই যাওয়ার আগে কেনাকাটা করে নিলাম।"

চাঁদনী চকে কেনাকাটা করা আজিমপুরের গৃহিনী হুসনে আরা বেগম বলেন, “স্বামীর বেতন হয়েছে। তাই রোজায় আজ প্রথম মার্কেটে আসলাম। বাচ্চাদের কেনাকাটা শেষ করেছি, আমাদেরটা পরে করব।”

কারওয়ানবাজার এলাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সেও দিনভর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। দুপুর থেকেই দীর্ঘ লাইন ধরে মার্কেটে ঢুকতে হয় তাদের।

সব বয়সী ক্রেতার পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মার্কেটের বিভিন্ন ফ্লোর। তবে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে পোশাকের দোকানে। এর বাইরে জুতা, প্রসাধনী ও অলঙ্কার এবং মোবাইলের দোকানে বেশ ভিড় হয়। 

মার্কেটের শাড়ির দোকান ‘জ্যোতি শাড়ি’র ব্যবস্থাপক সুমন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতদিন তো আমরা কাস্টমারই পাইনি। আজকে অনেকে আসছে, দেখছে। তবে অনেক কাস্টমার আসলেও কিনছে কম সংখ্যক। 

“আমাদের কাতান শাড়ির চাহিদাই এবার সবচেয়ে বেশি।"

দুই থেকে দশ হাজার টাকা দামের শাড়ি বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

এই বিপণিবিতানের বিভিন্ন ফ্যাশন হাউজগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়। ফ্যাশন হাউজ ‘ইয়োলো’র শাখা ব্যবস্থাপক তানভীর আহমেদ বলেন, “ঈদ বাজারের প্রকৃত আমেজ আজ থেকে শুরু হল। বেশ ক্রেতা এসেছেন, বিক্রিও ভালো হয়েছে।"

বসুন্ধরায় কেনাকাটা করতে আসা ব্যাবসায়ী গোলাম মোর্তুজা বলেন, “এত দিন কাজের চাপ ও আবহাওয়ার কারণে  ঈদের কেনাকাটা করতে পারিনি। আজ মার্কেটে আসলাম পরিবার নিয়ে।"