তেজগাঁওয়ে খাবার পানির অবৈধ কারখানার সন্ধান
ঢাকার তেজগাঁও এলাকায় খাবার পানির অবৈধ একাধিক কারখানার সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই।
রমজান মাস উপলক্ষে বিএসটিআইয়ের চলমান ভেজালবিরোধী অভিযানে বৃহস্পতিবার একটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা এবং অন্য কারখানার ব্যবস্থাপকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভাম্যমাণ আদালত।
বিএসটিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এই অভিযানকালে ম্যাকস ট্রেড ইন্টারন্যাশনালকে নিয়মিত পরীক্ষা ছাড়াই খাবার পানীয় (ড্রিংকিং ওয়াটার) বিক্রি ও বিতরণ করার দায়ে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
একই এলাকায় আবুল বাশার ড্রিংকিং ওয়াটারকে অবৈধভাবে পানি উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। কারখানাটি বাড়ির মালিকের জিম্মায় জব্দ করা হয়। কারখানার ব্যবস্থাপকসহ তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়।
মহাখালীতে অবস্থিত ক্রিম সুইটসকে বিএসটিআইর সিএম লাইসেন্স গ্রহণ ছাড়াই অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করে দই বিক্রির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা করে র্যাবের এই আদালত।
এদিকে একই সময়ে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জায়গীরদারের নেতৃত্বে বেইলী রোডে ভেজালবিরোধী অভিযানে নামে বিএসটিআইয়ের আরেকটি প্রতিনিধি দল।
অভিযানে এ্যামাজন ডিসকাউন্ট নামের একটি প্রতিষ্ঠানকে গুণগতমান পরীক্ষা ছাড়াই বিদেশি শ্যাম্পু, লোশন, ট্যালকম পাউডার, স্কিনক্রিম বিক্রি করার দায়ে ৬০ হাজার টাকা এবং একই অপরাধে মাদার কেয়ার নামের আরেকটি দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বেগুনবাড়ীতে পৃথক আরেক অভিযানে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা হক ফুড অ্যান্ড বেকারিকে বিএসটিআইর সিএম লাইসেন্স না নিয়ে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করে বিস্কুটপণ্য উৎপাদন ও বিক্রি-বিতরণ করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
