২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অফিসার্স ক্লাবে ‘ঘরোয়া মেলা’

নারী উদ্যোক্তাদের তৈরি নানা পণ্য নিয়ে রাজধানীর অফিসার্স ক্লাবে শুরু হয়েছেন তিন দিনব্যাপী ‘ঘরোয়া মেলা’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2017, 12:02 AM

Updated : 11 Oct 2022, 02:08 PM

মেলাটির আয়োজক অফিসার্স ক্লাব ঢাকার মহিলা কমিটি। বৃহস্পতিবার সকালে এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 

সংস্কৃতিমন্ত্রী বলেন, “নারীরা সমাজে সমানতালে এগিয়ে চলছেন। তারা সবক্ষেত্রে সাফল্য, মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার স্বাক্ষর রাখছেন।

“আজ যে মেলার আয়োজন এটি একদিকে যেমন তাদের সাংগঠনিক দক্ষতার পরিচয় বহন করছে অন্যদিকে এখানে তাদের সৃজনশীলতার সমাহার ঘটেছে। এমন আয়োজন তাদের এগিয়ে চলাকে প্রাণিত করবে।”

মহিলা কমিটির সভানেত্রী সৈয়দা শামীমা সুলতানা আলম জানান, নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় ৫০টি স্টলে মহিলাদের নিজেদের তৈরী বুটিকস, হস্তশিল্প ও অন্যান্য পোষাক শিল্পজাত পণ্যের সমাহার রয়েছে।

মেলা চলবে ১০ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে মেলার দুয়ার।