২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তাবিত কর পুনর্বিবেচনার দাবি অ্যামটবের

নতুন অর্থবছরের বাজেট নিয়ে অসন্তোষ জানিয়ে টেলিযোগাযোগ খাতে প্রস্তাবিত কর পুনর্বিবেচনার দাবি জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (অ্যামটব)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 09:37 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যামটব মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, “টেলিযোগাযোগ খাতে প্রস্তাবিত কর পুনর্বিবেচনা করতে আমরা সরকারের প্রতি অনুরোধ করছি। এটা কিভাবে ব্যবসা বান্ধব করা যায় এবং মোবাইল ফোনকে জনগণের সেবার জন্য আরেকটু উৎসাহিত করার যায় সে বিষয়গুলো দেখার অনুরোধ করছি।”

সরকারের ভিশনের সঙ্গে কর বিভাগের কোনো সমন্বয় নেই অভিযোগ করে তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য অর্জন করার জন্য যে কাজগুলো করা দরকার সে কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের এই ধরনের কর নীতিমালা।

“আমরা মনে করি হ্যান্ডসেট এবং মোবাইল টেলিকম পরিকাঠামোর ওপর কর বৃদ্ধি এবং সিম ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ টেলিযোগাযোগ সেবা এবং ডেটা সেবা আরও স্বল্পব্যয় সাপেক্ষ করে তোলার পক্ষে সরকারের ডিজিটাল লক্ষ্যমাত্রার সঙ্গে সাংঘর্ষিক।”

মোবাইল হ্যান্ডসেট আমদানির ওপর বাড়তি কর সময়োপযোগী নয় বলে মনে করে অ্যামটব। বাড়তি এ করের কারণে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে। ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ ভাগ ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানান অ্যামটব মহাসচিব।

“কর কমালে আরও বেশি মানুষ স্মার্টফোন ব্যবহার করবে। তারা ইন্টারনেটের আওতায় আসবে, থ্রিজি ব্যবহার করতে পারবে, ফোরজিতেও আসতে পারবে।”

টেলিযোগাযোগ শিল্পে ৪৫ ভাগ করপোরেট ট্যাক্স এ খাতে বৈদেশিক বিনিয়োগের প্রধান বাধা। অন্যান্য খাতের সঙ্গে সমন্বয় করে এ খাতে করপোরেট ট্যাক্স আরোপ করার অনুরোধ জানান টিআইএম নুরুল কবির।

“অন্যান্য শিল্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে পাবলিক প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্ত কি না তার ওপর নির্ভর করে ৩০-৩৫ ভাগ করপোরেট কর দিচ্ছে। কিন্তু এ খাতে ৪৫ ভাগ কর দেওয়ার পর ডিজিটাল ভবিষ্যতে বিনিয়োগের সম্ভাবনা বেশি থাকছে না।”

সংবাদ সম্মেলনে গ্রামীণ ফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, রবি আজিয়াটার চিফ পিপল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মতিউল ইসলাম নওশাদ, বাংলালিংকের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক সাইফুর রহমান উপস্থিত ছিলেন।