ঈদ বাজারে দর্জি পাড়ায় ‘খরা’
দশ রোজা পেরিয়ে গেলেও রাজধানীর দর্জি পাড়ায় চলছে আশানুরূপ ‘অর্ডার না পাওয়ার’ হতাশা।
মঙ্গলবার ঢাকার মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, চাঁদনী চক ও মিরপুর এলাকা ঘুরে পোশাক তৈরির দোকানগুলোতে তেমন ব্যস্ততা চোখে পড়েনি। ১০ রোজায় এসে এমন পরিস্থিতিতে কারিগররাও বিস্মিত।
দোকান মালিকরা বলছেন, যেখানে ঈদ ঘিরেই তাদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে, সেখানে এবারের এই পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়।
অন্যদিকে ক্রেতাদের ভাষ্য, এই সময়ে দর্জিবাড়িগুলো ‘বাড়তি টাকা’ আদায় করে। তাছাড়া অতিরিক্ত চাপের কারণে কাজও করে ‘কোনো রকমে’। অনেকে আবার ঝামেলা আর বাড়তি খরচ এড়াতে রোজা শুরুর আগেই কাপড় বানিয়ে ফেলেছেন বলে জানালেন।
মোহাম্মদপুর এলাকার দর্জি দোকানিরা বলছেন, অন্যবার এমন সময় কাজের চাপে নিঃশ্বাস ফেলার ফুসরত থাকে না তাদের। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।
জাপান গার্ডেন সিটির জারা ফ্যাশন টেইলারিং অ্যান্ড ফেব্রিক্সের কর্ণধার ইকবাল হোসেন বললেন, অন্য ঈদের তুলনায় এবার তিনি অর্ডার পেয়েছেন খুবই কম।
জীবনধারণের ব্যয় বাড়ায় অনেকেই এখন টেইলরের মাধ্যমে পোশাক না বানিয়ে তৈরি পোশক কিনছেন বলে মনে করছেন ইকবাল হোসেন।
“মানুষের হাতে তো টাকা নাই, যা আছে তা দিয়ে খাবে নাকি কাপড় বানাবে?”
ওই বিপণি বিতানে দুই মেয়ে ও নিজের জন্য ঈদের কেনাকাটা করতে এসেছিলেন স্কুল শিক্ষক নওরিন জামান। তার অভিযোগ, ঈদের সময় দর্জির দোকানগুলো বাড়তি টাকা আদায় নিয়ে।
“এ কারণে অনেকেই রেডিমেইড থ্রি পিস কিনে বানানোর ঝামেলা এড়ান। একটা সুতির ড্রেস এক হাজার থেকে ১২ শ টাকায় কিনে চারশ টাকা মজুরি দিয়ে বানাবে কে? আর গর্জিয়াস ড্রেসগুলো তো ওরা বানাতে নেয় পাঁচশ থেকে আটশ টাকা। এতো দাম দিয়ে বানানোর সামর্থ্যও তো সবার নেই।”
মোহাম্মদপুরের ডায়মন্ড ফ্যাশন টেইলার্সের কাটিং মাস্টার মো. হাসেম জানালেন, বেশ কিছু কাপড়ের অর্ডার তিনি পেয়েছেন।তবে তা আশানুরূপ নয়।
“অন্যবার তো ১০ রোজার পর আর অর্ডার নিবারই পারি না, কাজের এতো চাপ থাকে। আর এইবার কী যে হইল! দেখি আর সপ্তাহ খানিকের মধ্যে অর্ডার আসে কি না।”
“ক্রেতা কম। তবে এখনো ঈদ আসতে খানিকটা সময় বাকি। আশা করি, আরও অর্ডার পাবে।”
মিরপুরের পল্লবীর জি এ ফ্যাশনসের মালিক জামাল হোসেন বললেন, অন্যদের মত মজুরি না বাড়ানোয় এবার তুলনামূলক বেশি গ্রাহক পেয়েছেন তিনি।
“প্রতি ঈদে তো ৫০ থেকে ১০০ টাকা করে সব টেইলার্সই দাম বাড়ায়। কারণ আমরা তো আর বোনাস পাই না, কিন্তু কারিগরদের তো ঠিকই বোনাস দিতে হয়। সেটা বাড়ানোয় অনেকেই নাখোশ হন। সে কারণে রেগুলার দামেই আমরা অর্ডার নিচ্ছি।”
ঢাকার অন্যতম ব্যস্ত পোশাক বাজার চাঁদনী চকের দর্জি দোকানিরাও অনেকটা চাতক পাখির মতো ক্রেতার অপেক্ষায় রয়েছেন। অন্যবার ঈদের আগে এমন সময়ে কাজের চাপে ক্রেতাদের অর্ডার ফিরিয়ে দেওয়ার কথা ভাবেন তারা। কিন্তু এবার উল্টো ক্রেতার অপেক্ষায় দিন কাটছে তাদের।
সূর্যমুখী লেডিস টেইলার্সের কাটিং মাস্টার আল আমিন বলেন, “অন্যবার এই সময় তো আপনাগো সাথে কথা বলবার সুযোগ পাইতাম না, আর এখন বইসা আছি। আগামী সপ্তাহটাই ভরসা, দেখি কেমন অর্ডার পাই।”
একই এলাকার ইয়াসিন পাঞ্জাবী টেইলার্সের মালিক ইবাদাত হোসেন বললেন, গত ঈদের তুলনায় এবার অর্ধেক অর্ডারও তিনি পাননি।
“এই একটা সময় ধুমায়ে ব্যবসা হয়। কিন্তু এইবার কি কারণে এমন অবস্থা বুঝতেছি না। ঘর ভাড়া তো ৪০ হাজার ঠিকই দিতে হবে। গতবার প্রথম দশ রোজায় এক হাজারের বেশি অর্ডার পাইছি। এইবার আড়াইশও হয় নাই।”
এ বছর ফুটপাত থেকে অস্থায়ী দোকান উচ্ছেদও অর্ডার কমার একটি কারণ বলে মনে করেন ইবাদত।
“ফুটপাতে ব্যবসা থাকলে বিভিন্ন শ্রেণির ক্রেতা আসে। তারা কাপড় কিনতে এসে অর্ডার দেয়। কিন্তু এইবার ফুটপাত না থাকায় এই এলাকায় কাস্টমার কম। শুধু কাপড় বানাতে তো কেউ আসে না।”
এই বিপণি বিতানে কেনাকাটা করতে আসা ডেল্টা মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাল্গুনী কবির বলেন, “ঈদের আগেই সুতি কাপড়ের থ্রি-পিস বানিয়ে রেখেছি। অধিকাংশ সময় রোজায় বানালে সেগুলো ভালো হয় না, উল্টো বাড়তি টাকা গুনতে হয়। তাই আগেভাগে বানিয়ে রেখেছি। আর ঈদের আগে আগে রেডিমেইড ড্রেস কিনে ফেলবে।”
