মোবাইল ফোনে সম্পূরক শুল্ক প্রত্যাহারের সুপারিশ
মোবাইল ফোন এবং এর যন্ত্রাংশে ‘অতিরিক্ত’ সম্পুরক শুল্ক প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার রাজধানীর তোপখানায় নির্মল সেন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই সুপারিশ জানান অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে সক্রিয় সিম প্রায় ১৩ কোটি এবং ইন্টারনেট ব্যাবহারকারী প্রায় ৭ কোটি যাদের শতকরা ৯৪ ভাগ মোবাইল ফোনভিত্তিক।
“আমাদের সংগঠনের দীর্ঘদিনের দাবি গ্রাহকদের সুবিধা ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধি করে এই সেক্টরকে বিনিয়োগ বান্ধব করে ১৬ কোটি জনগণের জন্য সহজলভ্য করা। কিন্তু সরকার বরাবরের মতো এবারের বাজেটেও দেশের অন্যতম বৃহৎ এই ভোক্তা খাতকে বঞ্চিত করেছে।”
মোবাইল হ্যান্ডসেটের উপর ভ্যাট ১৫৮ শতাংশ, সম্পুরক শুল্ক ৫ শতাংশ, সারচার্জ ১ শতাংশ, অগ্রিম আয়কর ২ শতাংশসহ মোট ২৩ দশমিক ৭৫ শতাংশ কর এখনই দিতে হয় বলে হিসাব দেখান মহিউদ্দিন।
“কিন্তু এবারের বাজেটে সম্পুরক শুল্ক ৫ থেকে বাড়িয়ে ১০ শতাংশ ও ৫ শতাংশ বাজার মূল্য সংযোজনের মোট ৩৪.৫০ শতাংশ করা হয়েছে। তার মানে বৃদ্ধি পাচ্ছে ১০.৭৪ শতাংশ।”
“আমরা এই বৈরী শুল্ক প্রত্যাহারের অনুরোধ করছি।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের সভাপতি হারুন অর রশিদ খান, কর্মসংস্থান আন্দোলনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবীর চৌধুরী প্রমুখ।
