২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৈরি পোশাক শিল্পে অর্থায়নে ব্যাংকারদেরকে আহ্বান

ব্যাংকারদেরকে তৈরি পোশাক শিল্পে অর্থায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 09:20 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

সোমবার কেন্দ্রীয় ব্যাংক প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় তিনি বলেন, “তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতে অর্থায়নের উপর গুরুত্ব দিয়ে ব্যাংকারদেরকে এগিয়ে আসতে হবে।”

পার্টিসিপেটিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন-পিএফআই কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে ডেপুটি গভর্নর সুর চৌধুরী বলেন, “আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি ব্যাংক কর্মকর্তাদের তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের আবেদন যথাযথভাবে হয়েছে কিনা তা পরীক্ষা করা এবং প্রয়োজনবোধে তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তাদের প্রকল্প সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আবদুর রহিম ব্যাংকারদেরকে তাদের নিজস্ব উদ্যোগের মাধ্যমে তৈরি পোশাক শিল্পে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টিতে অর্থায়নে এগিয়ে আসার আহ্বান জানান ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট’ এর প্রকল্প পরিচালক এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের উপমহাব্যবস্থাপক এস এম মোহসীন হোসেন।

অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান আনিস এ খান, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নির্বাহী, ইফবিএসপি সংশ্লিষ্ট কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড প্রোগ্রামস বিভাগের মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দ্বিতীয় পর্যায়ে উপস্থিত পিএফআইসমূহের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়।

তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট বেসরকারি বাণিজ্যিক ভবনসমূহে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির (জাইকা) মধ্যে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর ‘আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট (বিডি-পি৮৪)’ শীর্ষক প্রকল্পের জন্য একটি ঋণ চুক্তি স্বাক্ষর করা হয়।

প্রকল্পের দুটি কম্পোনেন্টের মধ্যে কম্পোনেন্ট-১ এর আওতায় জাপান সরকার ব্যক্তি মালিকানাধীন তৈরি পোশাক শিল্পের কারখানা ভবনসমূহে নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংস্কার, পুনঃনির্মাণ, প্রতিস্থাপন এবং অগ্নি নিরাপত্তা বিধানে স্বল্প হতে দীর্ঘ মেয়াদী অর্থায়নের জন্য মোট ৪,২৪০ মিলিয়ন জাপানিজ ইয়েন সহায়তা প্রদান করেছে, যার মধ্যে অন-লেন্ডিং বাবদ বরাদ্দ ৪,১২৯ মিলিয়ন জাপানিজ ইয়েন।

বাংলাদেশ সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের আওতায় অর্থায়নের জন্য গত ১৩ ফেব্রুয়ারি ২৫টি ব্যাংক ও ১০টি আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের সাথে পার্টিসিপেটিং ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় প্রতিটি পিএফআই তাদের প্রধান কার্যালয়ে প্রকল্পের জন্য একটি ডেডিকেটেড টিম গঠন করেছে।