২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রেতাশূন্য বেনারসি পল্লীতে মুখ ভার বিক্রেতাদের

রোজার প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জমে ওঠেনি রাজধানীর শাড়ীর বৃহত্তম বাজার মিরপুরের বেনারসি পল্লী। এমনকি স্বাভাবিকের তুলনায়ও কম বিক্রি হওয়ায় হতাশ বিক্রেতারা।

কাজী নাফিয়া রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2017, 10:08 PM

Updated : 11 Oct 2022, 02:06 PM

রোববার মিরপুর ১০ ও ১১ নম্বরের বেনারসি পল্লী ঘুরে দেখা যায়, বিভিন্ন দোকানের সামনে ক্রেতার আশায় হাঁকডাক ছাড়ছেন বিক্রয়কর্মীরা। কিন্তু দেড় শতাধিক শাড়ীর দোকানের এই মার্কেটের হাতেগোনা কয়েকটি দোকানে ক্রেতার দেখা মিলেছে।

বেনারসি পল্লীর বিক্রেতারা বলছেন, দুই বছর ধরে ঈদে তেমন সুবিধা করতে পারছেন না তারা, গতবারের তুলনায়ও এবার বিক্রি অনেক কম। এজন্য ভারতে গিয়ে বাংলাদশিদের কেনাকাটা করাকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন। সঙ্গে যোগ হয়েছে সম্প্রতি ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের জন্য বেনারসি পল্লীর প্রথম সড়কটি বন্ধ করে দেওয়ার বিড়ম্বনা।

আপন বেনারসি হাউজের বিক্রয়কর্মী আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সর্বনিম্ন ৬০০ টাকা থেকে ৮০ হাজার টাকায় কাতান, কটন, হাফসিল্ক বেনারসি, জর্জেটসহ সব ধরনের শাড়ী তারা বিক্রি করেন তারা।

“নিজস্ব কারখানায় বেনারসি শাড়ী তৈরির পাশাপাশি মুম্বাই, দিল্লি ও দেশের বিভিন্ন এলাকা থেকে শাড়ী আনি আমরা। কাতানের মধ্যে অপেরা, মিনা, দুলহান, সাটিং, ধুপিয়ানসহ বিভিন্ন শাড়ী রয়েছে আমাদের। কিন্তু বিকাল ৪টা পর্যন্ত একটাও শাড়ী বিক্রি হয়নি।”

হতাশ এই বিক্রেতা বলেন, “দশ রোজা পর্যন্ত তেমন বিক্রির আশা করিনি, কিন্তু এজন্য স্বাভাবিক দিনের মতও ক্রেতা আসবে না? স্বাভাবিকেরও অনেক কম ক্রেতা আসছে।”

গত ঈদেও ক্রেতা কম ছিল জানিয়ে অভিজ্ঞতা থেকে এর কারণও জানিয়েছেন তিনি।

“অনেকেই ভারতে ঈদ করতে যায়। সে সুবাদে সেখানে কেনাকাটা সেরে ফেলে। এ কারণে ক্রেতা কমে গেছে। আর এখানে যেহেতু বিয়ের আইটেম বেশি, তাই বিয়ের মৌসুমগুলোতেই বেশি বিক্রি হয়। এছাড়া এটি শুধু শাড়ীর মার্কেট, অন্যান্য মার্কেটে সব পণ্য পাওয়া যায়; তাই একসাথে সব কেনাকাটা করতে ওইসব মার্কেটে ভিড় বেশি হয়। কিন্তু এখানে কেবল একটি পণ্যের জন্য সবসময় ক্রেতা আসে না।”

তাওসিফ বেনারসি ফ্যাশনের ব্যবস্থাপক ও বেনারসি পল্লী কর্মচারী ইউনিয়নের সভাপতি সৈয়দ রিয়াজ উদ্দীন জানান, কিছু বিক্রিবাট্টা হলেও তা আশানুরূপ নয়।

তবে ক্রেতা কম থাকলেও দুইদিন পর ভারতীয় বিভিন্ন ডিজাইনের আরও নতুন শাড়ী আনবেন বলে জানান তিনি।

রিয়াজ উদ্দীন জানান, দেশি লেহেঙ্গা ৫-১০ হাজার টাকায়, ভারতীয় লেহেঙ্গা ১০-১৮ হাজার টাকায়, পিওর কাতান ১০ হাজার টাকার বেশি মূল্যে, আর্টিফিসিয়াল কাতান পনেরশ’ থেকে ১০ হাজার টাকায়, বিয়ের বেনারসি সর্বনিম্ন ১৫ হাজার টাকা থেকে প্রায় লাখ টাকায় বিক্রি করছেন তারা।

এছাড়াও রয়েছে নেট, ধুপিয়ান, জর্জেটের লেহেঙ্গা।

তিনি বলেন, “ক্রেতাদের চাহিদা মেটাতে সব ধরনের শাড়ীর কালেকশন রেখেছি, যেন কেউ কোনোটা না পেয়ে চলে না যায়। কিন্তু এখন ক্রেতাই কম আসছে।”

ফার্স্ট লেডি বেনারসি হাউজের ব্যবস্থাপক শেখ ফিরোজ হোসেন ক্রেতা না আসার জন্য চলমান ড্রেনেজ সংস্কারের কাজকে দায়ী করেছেন।

তিনি বলেন, “বেনারসি পল্লীর প্রথম গেট বন্ধ করে রাস্তা মেরামতের কাজ চলছে। ফলে এদিকে গাড়ী নিয়ে মার্কেটে ঢুকতে পারছে না কেউ। আর অনেক দোকানের সামনেই ড্রেনেজের জন্য বড় গর্ত করা হয়েছে। এজন্য শৌখিন ক্রেতারা এসব দোকানে ঢুকছেন না। যারা কাজ করছেন তাদের ঈদ মার্কেটের এই সময়টা মাথায় রাখা উচিত ছিল।

“"তবে এটিই একমাত্র কারণ নয়। সবকিছুর দাম বাড়ছে, জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। পকেটে টাকা না থাকলে দাম দিয়ে কে শাড়ী কিনতে আসবে?"

বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চারটি শাড়ী বিক্রি করেছেন জানিয়ে এ ব্যবসায়ী বলেন, “স্বাভাবিকের চেয়েও বিক্রি অনেক কম। কোনোদিন একটা, কোনোদিন ২-৫টা শাড়ী বিক্রি হচ্ছে।”

বেনারসি বড় বাজারের বিক্রয়কর্মী মাহবুবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “পাবলিকের কাছে টাকা নাই, কিনবে কি করে। দাম বাড়ছে, কর বাড়ছে; মানুষের কেনাকাটাও কমছে। ঈদে কখনো এত কম ক্রেতা দেখিনি।”

মিতু কাতান শাড়ী ঘরের বিক্রয়কর্মী স্বপন আহমেদও জানান, রমজানে স্বাভাবিকের তুলনায় ক্রেতা অনেক কম এসেছে।

তিনি বলেন, "এখানে সড়কে কাজ চলছে, অনেকে গাড়ি নিয়ে আসতে পারছে না। আবার অনেকে বেতন পায়নি, বেতন হলে হয়তো ভীড় বাড়বে।”

বেনারসি পল্লীতে শাড়ী কিনতে আসা হাতেগোনা ক্রেতাদের মধ্যে থেকে কথা হলো কয়েকজনের সঙ্গে।

মাসখানেক আগে বিয়ে হওয়া শারমীন বেগম এসেছেন ঈদের শাড়ী কিনতে।

তিনি বলেন, “প্রথমবার শ্বশুড়বাড়ীতে ঈদ করব, এজন্য শাড়ী কিনতে স্বামীকে নিয়ে এসেছি। সব ধরনের শাড়ী পাওয়া যায় এখানে, তাই দেখে দরদাম অনুযায়ী কিনে নিব।"

তৌসিফ বেনারসি ফ্যাশন থেকে লেহেঙ্গা কেনা বুটিক ব্যবসায়ী ফৌজিয়া আক্তার বলেন, “ঈদের পরদিনই চাচার বিয়ে, সে কারণে কেনাকাটা করতে এসেছি। ১৬ হাজার টাকায় একটি লেহেঙ্গা কিনেছি।”

পরে কাজের চাপ এড়াতে আগেভাগেই মায়ের জন্য শাড়ী কিনতে এসেছেন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা শাহাবুদ্দিন।

“কয়েকদিন পর কাজের চাপ বাড়বে, সময় পাব না। এজন্য অফিস শেষ করে শাড়ী দেখতে এসেছি। মার্কেটে ভীড় বাড়ার আগেই শাড়ী কিনে ফেলতে চাই।”