সারারা, গাউন আর ফ্লোরটাচে আগ্রহ বেশি মেয়েদের
ঈদের কেনাকাটা তেমন জমে না ওঠলেও মেয়েদের পোশাকের বিপণিবিতানগুলো সেজে ওঠেছে সারারা, গাউন আর ফ্লোরটাচে।
শনিবার রাজধানীর অভিজাত বিপণিবিতান যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও ফার্মগেটের বিভিন্ন দোকান ঘুরে এ চিত্র দেখা গেছে।
বিক্রেতারা বলছেন, ঈদে মেয়েদের পোশাকের চাহিদা বরাবরই বেশি থাকে। সে কারণে প্রতিবারই মেয়েদের ঈদ ফ্যাশনে যোগ হয় নানা ডিজাইন।
মেয়েদের পছন্দ মেটাতে এবার ঈদ অনুষঙ্গ হিসেবে সারারা, গাউন আর ফ্লোরটাচের পোশাককে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন বিক্রেতারা। আর কম বিক্রির মধ্যেও এসব পোশাক বিক্রিতে শীর্ষে রয়েছে বলে জানান তারা।
শেরওয়ানী স্টাইলের কামিজ আর তার সাথে থাকা স্কার্ট বা পালাজ্জোই হচ্ছে সারারা। এগুলোর অধিকাংশই কাতানের তৈরি, সাথে জরি, চুমকি ও এম্ব্রয়ডারির কাজ। বিক্রেতারা বলছেন, এক সময়ের ‘লাসা’ই এখনকার সারারা। সারারা ছাড়াও জর্জেট, শিফন, নেটের গাউনগুলোও আকৃষ্ট করছে নারী ক্রেতাদের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের কেনাকাটা তেমন শুরু হয়নি এখনো। এরপরও যা বিক্রি হচ্ছে তার মধ্যে গাউন, সারারার চাহিদা বেশি। এছাড়া আমাদের নিজস্ব ডিজাইনের আনস্টিস কামিজগুলোরও চাহিদা রয়েছে।”
মেয়েদের পোশাকের চাহিদার বিষয়ে একই তথ্য জানিয়েছেন ডিজাইনার ফ্যাশন ওয়াল্ডের ব্রাঞ্চ ম্যানেজার আহমদ মোশাররফ। তিনি জানান, সারারা, গাউন, ফ্লোরটাচ, ফ্রক, ওয়ানপিস ও কুর্তিগুলো বেশি বিক্রি হচ্ছে।
আহমদ মোশাররফ বলেন, “সারারাগুলো হয় কাতান ফেব্রিক্সের, কখনো সিল্কেরও হয়। এর কামিজ থাকে শেরওয়ানি কাটিংয়ের, আর নিচে থাকে স্কার্টের মত। আবার অনেকক্ষেত্রে পালাজ্জোও থাকে। জর্জেট ফেব্রিক্স এবং শিফনের মধ্যেও এ জিনিসগুলো হয়।”
ঈদে দামী বোরকা, লেহেঙ্গা, ডিজিইনার থ্রি-পিসের চাহিদাও রয়েছে বলে জানান তিনি।
মেয়েদের পণ্যের বিপণিবিতান সাফায়ারের ব্রাঞ্চ ম্যানেজার মোস্তফা আমির আরাফাত জানান, নিজস্ব ডিজাইন ছাড়াও ভারতীয় ড্রেসগুলো তাদের কালেকশনে রয়েছে।
তিনি বলেন, “গাউনের চাহিদাটা এখন সবচেয়ে বেশি। তবে যেহেতু ১০-১২ রোজার পরে দর্জিরা কাপড় নিতে রাজি হয় না, সে কারণে আনস্টিস থ্রি-পিসগুলো এখন বিক্রি হচ্ছে বেশি।”
তবে গাউন, ফ্লোরটাচ, সারারা পছন্দের হলেও অতিরিক্ত দামের কথা জানালেন ক্রেতারা। শনিবার দুপুরে যমুনা ফিউচার পার্কে কাপড় কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, পছন্দের সাথে দামের মিল না হওয়ায় এখনো পোশাক কিনেন নি তারা।
রূপনগর থেকে কাপড় কিনতে আসা গৃহিনী সালমা আক্তার বলেন, “কয়েকদিন ধরে তো বৃষ্টি ছিল, ঈদের মার্কেটে আজই প্রথম আসলাম। সারারা বা ফ্লোরটাচ কিনার ইচ্ছে আছে, কিন্তু দাম তো অনেক বেশি।”
হতাশা ব্যক্ত করে তিনি বলেন, “ঈদ অনুযায়ী বিক্রি একেবারে নেই বললেই চলে। এ পেশায় ৪৫ বছর ধরে আছি, এমনটা কখনো দেখিনি।
“গত বছরও এমন সময় দ্বিগুণ বিক্রি হয়েছে। কী কারণে বিক্রি কম জানি না। বাজেটের কোনো প্রভাব পড়ল কিনা বলতে পারছি না। আর এতবড় মার্কেট, এত দোকান; এখানে প্রতিদিন ১০ হাজার মানুষ শপিং করতে আসলেও তা কম।”
বিভিন্ন ডিজাইনের ফ্লোরটাচ পাঁচ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি করছেন বলে জানান মনির।
“রোজার কয়েকদিন আগে ২৮ হাজার টাকার সারারা বিক্রি করলেও রোজায় পাঁচ থেকে ১০ হাজার টাকার গাউন, সারারাগুলোই বেশি বিক্রি হয়েছে। এগুলো ছাড়াও টাইস বা পেলাজ্জো, মেয়েদের জিনস বিক্রি হচ্ছে।
“তবে জর্জেটের চাহিদা কম, জর্জেটের বিভিন্ন থ্রি-পিস রয়েছে তিন থেকে আট হাজার টাকার,” যোগ করেন তিনি।
বঙ্গবক্স ডিজাইনিং এর বিক্রয়কর্মী জান্নাতুল ফেরদৌস জানান, সারারা, গাউন ছাড়াও তারা হুররম ড্রেস বিক্রি করছেন।
তিনি বলেন, “হুররমের ড্রেসগুলো ১৫ থেকে ২৫ হাজার টাকার রয়েছে। এছাড় থ্রি-পিস রয়েছে আঠারশ থেকে ছয় হাজার টাকা পর্যন্ত, কিন্তু বেশি বিক্রি হচ্ছে দুই হাজারের মধ্যে। এছাড়াও জর্জেট বা সিল্কের উপর কাজ করা বিভিন্ন ডিজাইনের ওয়ান পিসের চাহিদা রয়েছে।”
এদিকে কেপের ড্রেসের চাহিদাও রয়েছে বলে জানিয়েছেন স্টারস ফ্যাশনের বিক্রয়কর্মী আলামিন।
তিনি বলেন, “সারারার চাহিদা সবচেয়ে বেশি। গাউনের চাহিদাও বেশি। আসলে আগে যে লাসা পড়ত মেয়েরা, সেটাই এখন সারারা নামে ৫-২০ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
“ক্রেতাদের আকৃষ্ট করতেই এরকম বিভিন্ন নামের ড্রেস বিক্রি করা হচ্ছে।”
যমুনা ফিউচার পার্কের মেয়েদের কাপড়ের দোকান সৈয়দ ইম্পোরিয়ামের ব্যবস্থাপক সৈয়দ নাজমুল ইসলাম বলেন, “মেয়েদের বুটিকসগুলো সব ইন্ডিয়ান, এছাড়া রয়েছে গাউন, স্টিস-আনস্টিস থ্রি-পিস; বিভিন্ন ধরনের শাড়ি, তবে তাঁতের শাড়ির চাহিদাটা সবচেয়ে বেশি। আর ইন্ডিয়ান ডিজাইনের বিভিন্ন ড্রেসের মধ্যে জিসা, ভিনয়, ভিশাল, আশীর্বাদ পোশাকগুলোতে ক্রেতারা সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে।”
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে আসা ফারজানা ইসলাম বলেন, “ঢাকায় এবারই প্রথম ঈদ শপিং। সবাই সারারার কথা বলছে, দেখতেও ভাল লাগছে। তাই দাম একটু বেশি হলেও কিনে ফেললাম।”
বসুন্ধরা সিটির ফ্যাশন হাউজ স্মার্টটেক্সের বিক্রয়কর্মী সিনথিয়া বলেন, “সারারাই এবার এককভাবে এগিয়ে রয়েছে চাহিদায়। তার সাথে রয়েছে গাউন, ফ্লোরটাচের মত পোশাক।”
এদিকে অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষদের জন্য ফার্মগেটের বিভিন্ন বিপণিবিতান সেজেছে নানা ডিজাইনের পোশাকে। এসব মার্কেটে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের তুলনায় বিক্রিও কিছুটা বেশি।
ফার্মগেটের সেজান পয়েন্টের পোশাকের দোকান ‘ঝরণা ঢাকা’র স্বত্বাধিকারী সেলিম রেজা বলেন, “সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে পাকিস্তানি গাউন, সারারা বিক্রি করছি। মহারাণীর ফ্লোরটাচ সাড়ে চার হাজার টাকা ও থ্রি-পিস বিক্রি হচ্ছে চার হাজার টাকার মধ্যে। এসব পোশাকই এখন পর্যন্ত কিছুটা বিক্রি করতে পারছি।”
একই মার্কেটের রেডরোজএডের বিক্রয়কর্মী জহির উদ্দীন বুলু বলেন, “ঈদের বিক্রি মোটামোটি হচ্ছে। জিসা ও মিরা জর্জেটের থ্রি-পিস ৪ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।”
পাশের চৌরঙ্গী সুপার মার্কেটের সুলতান গার্মেন্টসের কর্ণধার শরিফ হোসেন বলেন, “লেহেঙ্গা বিক্রি করছি দেড় থেকে দু হাজার টাকার মধ্যে।”
সেজান পয়েন্ট থেকে থ্রি-পিস কেনা তেজকুনিপাড়ার বাসিন্দা মালিহা ইসলাম বলেন, “সারারা কেনার ইচ্ছে ছিল। কিন্তু দাম বেশি, আর এটা তো সবসময় পড়া যাবে না। তাই আর কেনা হয়নি।”
