ঈদ বাজারে এখনও নজর দেখায়
আসছে ঈদকে সামনে রেখে পরিধেয় সামগ্রী ও তৈজসপত্রসহ নানা পণ্য দেখতে ক্রেতারা ভিড় জমালেও এখনও বিক্রি আশানুরূপ নয় বলছেন রাজধানীর বিভিন্ন বিপনি বিতানের বিক্রেতারা।
অন্যান্য বার রমজানের এক সপ্তাহের মধ্যে বিক্রি জমে উঠে জানিয়ে এবার তুলনায় বিক্রি কম হওয়ায় কিছুটা হতাশও তারা।
শুক্রবার রাজধানীর ধানমন্ডির রাপা প্লাজা, প্লাজা এ আর, অর্কিড প্লাজা, সানরাইজ প্লাজা, মিরপুরের শাহ আলী প্লাজা, রংধনু শপিং কমপ্লেক্স, মিরপুর শপিং কমপ্লেক্স ও নান্নু মার্কেটের বিক্রেতাদের সঙ্গে কথা বলে ঈদ বাজারের এ চিত্র পাওয়া যায়।
বিক্রেতারা বলছেন, শুক্রবার রমজানের প্রথম ছুটির দিনে ক্রেতাদের ভিড় কিছুটা বাড়লেও সে অনুযায়ী বিক্রি তেমন বাড়েনি।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ার প্রত্যাশা থাকলেও অন্যান্য বছরের তুলনায় ‘কম বিক্রি হওয়ায়’ পোশাক, চামড়াজাত ও ক্রোকারিজ পণ্যের বিক্রেতাদের কন্ঠে শোনা গেছে হতাশা।
ধানমন্ডির রাপা প্লাজার ‘ক্রিসেন্ট ফুটওয়ারের’ ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আরিফ জানান, ঈদ উপলক্ষে বেল্ট, জুতা, মেয়েদের ব্যাগ, মানিব্যাগসহ নানা ধরনের চামড়াজাত পণ্য তুলেছেন তারা।
“কিন্তু এবার তো তেমন কাস্টমার পাচ্ছি না। যারা আসছে তারাও ঘুরে চলে যাচ্ছে। তবে কয়দিন পরই আশা করছি পুরোদমে বিক্রি শুরু হবে।”
ধানমন্ডির প্লাজা এআরে দেশি শাড়ির ব্র্যান্ড ‘তাঁত ঘর’র ব্রাঞ্চ ম্যানেজার রাজীব মজুমদার বিক্রি কম হওয়ার কারণ হিসেবে ঘূর্ণিঝড়ের প্রভাবকে দায়ী করছেন।
তিনি বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে কয়েকদিন তো বৃষ্টি ছিল। আর অনেকে এখনো বেতন পায়নি। ফলে কিছু ক্রেতা আসলেও তেমন বিক্রি হচ্ছে না।
“আমরা সব ধরনের দেশি শাড়ি বিক্রি করে থাকি। তবে এখন মানুষ দেশি পণ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিনে না বললেই চলে। মুরুব্বিদের পছন্দ ও গিফট হিসেবে এসব দেশি শাড়ি প্রাধান্য পাচ্ছে, তাই দেশি শাড়ি এখনও টিকে আছে। আর ক্রেতাদের চাহিদার দিকে নজর দিয়ে আমরা ভারতীয় পোশাকও বিক্রি করছি।
একই মার্কেটের চামড়াজাত পণ্যের ব্র্যান্ড ‘উইলওই’ এর ব্রাঞ্চ ম্যানেজার আবু সাঈদ বলেন, “এবার বিক্রি একেবারেই কম। মানুষ তো বেতনই পায়নি, কিনবে কিভাবে? তারা আসছে আর যাচ্ছে, কিন্তু কিনছে না। আশা করি কয়েকদিন পর বিক্রি বাড়বে।”
রাপা প্লাজার পোশাক ব্র্যান্ড ‘জ্যোতি’র বিক্রয়কর্মী সুমন মিয়া জানান, ঈদের জন্য সারারা, ফ্লোরটাচ, সুলতান, বাহুবলী ছাড়াও নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, পাঞ্জাবি বিক্রি করছেন তারা। এর মধ্যে সুলতানের পাঞ্জাবির চাহিদাই সবচেয়ে বেশি।
তিনি বলেন, “স্বাভাবিকের মত বিক্রি হচ্ছে। কিন্তু ঈদে যেরকম বিক্রি হওয়ার কথা সেটি এখনো শুরু হয়নি। তবে ১২/১৫ রোজার পরে ভিড় অনেক বাড়বে।”
ধানমন্ডির অর্কিড প্লাজার ‘ক্রিয়েটিভ ফ্যাশনে’ শিশুদের নানা ধরনের পোশাকের সমাহার থাকলেও ক্রেতার দেখা নেই তেমন।
ফ্যাশন হাউজটির স্বত্বাধিকারী শাহ আলম মিয়া বলেন, “যে বিক্রি চলছে তা আশানুরূপ নয়… নেই বললেই চলে। গতবছর এ সময়ে অনেক বিক্রি হয়েছে। এখন তো সবকিছুর দাম বেড়ে গেছে, সে কারণে মানুষ কিনছে কম।”
মিরপুরের শাহ আলী প্লাজার পোশাক ব্র্যান্ড ‘প্লাস পয়েন্টের’ ব্রাঞ্চ ম্যানেজার সোহানুর রহমান সোহান বলেন, “মাসের একদম শুরু হওয়ায় বিক্রি একদম নেই বললেই চলে। তবে আজ অন্যান্য দিনের চেয়ে কিছুটা বেশি বিক্রি হয়েছে।
“৫ তারিখের পর অনেকের বেতন হয়। সে হিসেবে ১০ রোজা থেকে বিক্রি বাড়বে বলে আশাবাদী। এখনো অনেকে আসছে, দেখছে, কিন্তু কিনছে না।”
এই মার্কেটের ক্রোকারিজ পণ্যের দোকান ‘পূর্ণা কালেকশনের’ ম্যানেজার নাহিদ ইসলাম জানান, বিদেশি ডিনারসেটের সামগ্রী বিক্রি করেন তারা।
কম বিক্রির হতাশা ব্যক্ত করে তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার অর্ধেকের চেয়েও কম বিক্রি হচ্ছে। গত বছর এমন দিনে রোজায় ২০-২৫ হাজার টাকা বিক্রি হলেও এবার ১০-১৫ হাজার টাকাও বিক্রি করতে পারছি না। সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ হাজার টাকার পণ্যও বিক্রি করতে পারিনি।
শাহ আলী প্লাজার ‘শাফী ফেব্রিক্সের’ মালিক শাহজাহান কিবরিয়া বিক্রি কম হওয়ার কারণ হিসেবে জানালেন কাপড়ের দাম বেড়ে যাওয়াকে।
শাহজাহান কিবরিয়া বলেন, “গতবছর যে কাপড় ৭০০ টাকা ছিল, এখন সেটা এক হাজার টাকার বেশি বিক্রি করতে হচ্ছে। আমরা তো সে দামে এখন কিনতেও পারি না, তাহলে কম দামে বিক্রি করব কিভাবে? কাস্টমার তো সেটা বুঝে না। তারা আগের দামে কিনতে চায়, তাই ঘুরে দেখে চলে যায়।”
একই মার্কেটের ‘মিম ফ্যাশনের’ কর্ণধার জাহাঙ্গীর আলম বলেন, “আজকে কিছুটা লোক আসছে। কিন্তু বিক্রি হচ্ছে না। মানুষ দেখছে, চলে যাচ্ছে। ৫-৬ রোজায় এসে এমনটা হওয়ার কথা ছিল না।”
মিরপুর সাড়ে ১১ এর রংধনু শপিং কমপ্লেক্সের ‘ফর ইউ কালেকশনের’ বিক্রয়কর্মী ইমরান হোসেন জানান, ইন্ডিয়ান ব্র্যান্ড জিসা, ভিনয়, ফিওনাসহ বিভিন্ন ধরনের ঈদ পোশাকে দোকান সাজানো হয়েছে এবার।
এই মার্কেটের ক্রোকারিজ পণ্যের ‘সিরামিকস বাজারের’ বিক্রয়কর্মী শিরীন আক্তার বলেন, “রেগুলার বিক্রির মতই চলছে। ঈদের বিক্রি এখনো শুরু হয়নি তেমন। ডিনারসেট বা মাইক্রোওয়েভের মত দামি পণ্যের তুলনায় প্লেট, কাপ, গ্লাস সেটের মত জিনিসগুলো একটু বেশি বিক্রি হচ্ছে।”
মিরপুরের ১১ নম্বরের নান্নু মার্কেটের ‘নাঈম ফ্যাশনের’ বিক্রয়কর্মী আমজাদ হোসেন বলেন, “বিক্রি চলছে স্বাভাবিকের মত। ঈদের আমেজ এখনো আসেনি।”
