চট্টগ্রামের বাজারে অভিযানের স্বস্তি
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে টানা বৃষ্টির মধ্যেও স্থিতিশীল রয়েছে চট্টগ্রামের কাঁচাবাজার।
বাজারে কমেছে ব্রয়লার মুরগির দাম। এছাড়া সবজির দামেও স্বস্তি পাচ্ছেন ক্রেতারা।
শুক্রবার নগরীর কাঁচাপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে।
অন্যসময় টানা বৃষ্টির পর সাধারণত কৃত্রিম সঙ্কট দেখিয়ে চট্টগ্রামের বাজারগুলোতে কাঁচাপণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কয়েকটি ভ্রাম্যমাণ আদালত মাঠে থাকায় সেটি হয়নি।
বাজার ঘুরে দেখা যায়, প্রতি রমজানে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম নাগালের মধ্যেই রয়েছে। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। তবে ভালো মানের কাঁচামরিচের দাম কেজিতে ১০ টাকা বেশি।
গত সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে ১০ টাকা।
গত সপ্তাহে কেজিপ্রতি ১৫৫ টাকা বিক্রি হলেও শুক্রবার রিয়াজউদ্দিন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৪৫ টাকায়।
তবে ব্রয়লার মুরগির দাম কমলেও দেশি মুরগির দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩০ টাকা বেড়ে এখন দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪০০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারে সবজির খুচরা বিক্রেতা মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজিই আসে সীতাকুণ্ড উপজেলা থেকে। এবার বৃষ্টির মধ্যেও সরবরাহ ঘাটতি হয়নি, তাই দামও কম।
এদিন রিয়াজউদ্দিন বাজারে ঢেড়শ, চিচিঙ্গা, পটল ও ঝিঙে বিক্রি হয়েছে ৪০ টাকা কেজি দরে। মানভেদে বেগুন বিক্রি হয়েছে কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকায়।
রিয়াজউদ্দিন বাজারে পুরো সপ্তাহের বাজার করতে আসা ধীমান বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃষ্টি হলে সরবরাহ ঘাটতির অজুহাতে দাম বাড়ায় বিক্রেতারা। তবে আজকের বাজারে মোটামুটি স্বস্তি আছে।
রিয়াজউদ্দিন বাজারে পেঁয়াজ ও রসুনের দামও রয়েছে অপরিবর্তিত। মানভেদে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৮ থেকে ২০ টাকায়। ১২০ টাকায় বিক্রি হচ্ছে রসুন।
মাছের বাজারে এসেও ক্রেতারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
এদিন রুই মাছ প্রতি কেজি ২২০ টাকা, লইট্টা মাছ ৮০ টাকা, নাইলোটিকা ১৩০ টাকা এবং সাগরের চিংড়ি ৩৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়।
হেরফের হয়নি গরুর মাংসের দামেও।
মাংসের দোকানে টাঙানো মূল্যতালিকায় দেখা গেছে, হাঁড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়, হাঁড়সহ ৫০০ টাকা।
এছাড়া হাঁড় ছাড়া মহিষের মাংস বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০০ টাকায়, হাঁড়সহ ৪৫০ টাকায়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টানা বৃষ্টি হলে কৃত্রিম সংকট দেখিয়ে চট্টগ্রামের বাজারগুলোতে কাঁচাপণ্যের দাম বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা আছে।
“রমজানের শুরু থেকে অভিযান পরিচালনা করে আসছে জেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মুখে সে প্রবণতা কিছুটা কমেছে। শুক্রবারের বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল আছে।”
