২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলালিংক আনছে ‘ইজি পেমেন্ট কার্ড’

ব্যাংকিং সেবার বাইরে থাকা গ্রাহকদের আর্থিক সেবা দিতে মাস্টারকার্ড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সঙ্গে মিলে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক চালু করতে যাচ্ছে নতুন প্রিপেইড কার্ড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2017, 01:35 PM

Updated : 19 Aug 2022, 04:42 PM

রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বুধবার এক অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘ইজি পেমেন্ট কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়।

এই কার্ডধারীরা অনলাইন ও অফলাইন অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনভাবে অংশগ্রহণ করার সুযোগ গ্রাহকরা পাবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

উপযুক্ত বাংলালিংক গ্রাহকরা দেশব্যাপী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে কোনো শাখা থেকে কার্ডের জন্য বিনামূল্যে নিবন্ধন করতে পারবেন।

এই কার্ড ব্যবহার করে শীর্ষ ই-কমার্স সাইটগুলো থেকে একহাজার ৫০০ টাকা মূল্যের ডিসকাউন্ট ভাউচার ও দেশজুড়ে একহাজার ৭০০ আউটলেট থেকে এক্সক্লুসিভ ডিসকাউন্ট সুবিধা নিতে পারবেন বাংলালিংক গ্রাহকরা।

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, “বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৩ কোটি ১০ লাখের বেশি। আমরা বিশ্বাস করি, তাদের হাতে আমরা একটি ডিজিটাল পেমেন্ট হাতিয়ার দিচ্ছি, যা আগামীতে ডিজিটাল অর্থনৈতিক কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে।”

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি এবং সিইও আনিস এ খান বলেন, “এই কার্ডটি মূলত সেই সব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা এখনো কোনো আর্থিক সেবার অধীনে আসেনি। ইলেকট্রনিক অর্থ এবং ই-কমার্সের এই যুগে, এই কার্ডটি গ্রাহকদের দুটো সুবিধাই উপভোগ করার সুযোগ করে দেবে।”

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “এই ইজি পেমেন্ট কার্ড উন্মোচন আমাদের উদ্ভাবনী  সেবা ও সলিউশন প্রদানেরই প্রতিশ্রুতি, যা স্থানীয় কমিউনিটির চাহিদা পূরণ করতে সক্ষম। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন করতে আজ এই প্রথমবারের মতো শীর্ষ তিনটি ইন্ডাস্ট্রি দেশের ডিজিটাল ব্যবসাকে সম্প্রসারণের জন্য সম্মিলিত হয়েছে।”

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী  এম এ মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এসময় উপস্থিত ছিলেন ।