২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আপনের বড় অংশ’ সোনা চোরাচালানে

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বলেছেন, আপন জুয়েলার্সের ‘বড় একটা অংশ’ সোনা চোরাচালানে জড়িত হয়ে পড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2017, 01:03 AM

Updated : 11 Oct 2022, 02:02 PM

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা দেখেছি, আপন জুয়েলার্সের সোনার বৈধ কোনো কাগজপত্র দেওয়া হয়নি। যতক্ষণ পর্যন্ত তাদের বৈধ কাগজপত্র না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত ধারণা করছি সেগুলো সোনা চোরাচালান করে আনা হয়েছে এবং যথাযথভাবে এগুলোর শুল্ক পরিশোধ করা হয়নি।”

তিনি বলেন, “আপন জুয়েলার্সের বড় একটা অংশ স্বর্ণ চোরাচালানে যুক্ত হয়ে পড়েছে। এখন তাকে আইন অনুযায়ী কনসিকোয়েন্স ফেইস করতে হবে।”

বনানীর রেইনট্রি হোটেলে গত ২৮ মার্চ জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গত ৬ মে থানায় একটি মামলা হয়। আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার দুই বন্ধুসহ পাঁচজনকে সেখানে আসামি করা হয়। এর মধ্যে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে।

এরপর দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ তদন্তে নামে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর অংশ হিসেবে গত ১৪ ও ১৫ মে ঢাকায় আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালিয়ে সাড়ে ১৩ মণ স্বর্ণালঙ্কার ও ৪২৭ গ্রাম হীরার গয়না ‘আটক’ করা হয়, যার মোট দাম ১৭৯ কোটি টাকা।

ওই সব স্বর্ণালঙ্কার কীভাবে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলোর শুল্ক পরিশোধ করা হয়েছে কি না সে বিষয়ে দিলদার ও তার ভাইদের জিজ্ঞাসাবাদ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

এ বিষয়ে মইনুল খান বলেন, “আপন জুয়েলার্সের মালিককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়।”

তিনি বলেন, “দেশে বৈধ স্বর্ণের সরবরাহ নেই। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছি, সেখানে টনে টন, মণে মণ স্বর্ণ মজুদ আছে। আমরা যোগাযোগ করছি- যেগুলো এরইমধ্যে বাজেয়াপ্ত হয়ে গিয়েছে, সেগুলো যেন যথাযথভাবে ও দ্রুত নিলাম করা হয় এবং স্বর্ণ ব্যবসায়ীরা যেন বৈধভাবে স্বর্ণ পান।”

আপন জুয়েলার্সের সোনা অবৈধভাবে আনা হয়েছিল বলে তথ্য-প্রমাণ থাকায় সেখানে অভিযান পরিচালনা করা হয় জানিয়ে মইনুল খান বলেন, ঢালাভাবে সোনার দোকানে অভিযান চালাবেন না তারা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা স্বর্ণ ব্যবসায়ীদের বিপক্ষে নই। যেখানে স্বর্ণ চোরাচালানের অভিযোগের তথ্য- প্রমাণ থাকবে সেখানেই শুল্ক গোয়েন্দারা অভিযান চালাবে। নিয়মিতভাবে এয়ারপোর্টগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাচালানে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসছি।”

মইনুল খান জানান, তিন বছরে শুল্ক গোয়েন্দারা প্রায় ১১০০ কেজি সোনা উদ্ধার করে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গোয়েন্দারা সোনা চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে।