নতুন গেইমিং ল্যাপটপ আনল এইচপি
গেইমারদের জন্য আধুনিক প্রযুক্তির নতুন ল্যাপটপ এনেছে এইচপি ইনকর্পোরেশন।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের জয়তুন রেস্তোরাঁয় ‘ওমেন বাই এইচপি’ মডেলের গেইমিং ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে এইচপি’র কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া বলেন, গেইমারদের কথা মাথায় রেখে নতুন এই ল্যাপটপের ডিজাইন করা হয়েছে। এর নানা ব্যতিক্রমী ফিচার তাদের জন্য গেইম খেলায় আরও স্বচ্ছন্দ নিয়ে আসবে।
বাংলাদেশের বাজারে নতুন ল্যাপটপটি পাওয়া যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, “একইসঙ্গে নতুন ল্যাপটপের ক্ষুদ্র যন্ত্রাংশের বিশাল বাজারও তৈরি হচ্ছে।”
এইচপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওমেন ল্যাপটপটি সর্বশেষ এএএ গেমস, সর্বোচ্চ র্যাংকিং ও বেস্ট সেলিং গেইমগুলি খেলার জন্য দারুণ প্ল্যাটফর্ম হিসাবে তৈরি করা হয়েছে। উন্নত গ্রাফিক্সের মাধ্যমে স্বাচ্ছন্দে গেইম লেখার সুযোগ তৈরির পাশাপাশ এতে থাকছে তাপ নি:স্বরণকারী কুলিং ব্যবস্থা।
সর্বশেষ প্রযুক্তির এনভিডিয়া জিফোর্স জিটিএস ১০৫০টি ও সপ্তম প্রজন্মের কোর আই-৭ এর প্রযুক্তি কারণে এটার গ্রাফিক্স অভিভূত করার মতো জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমেন বাই এইচপি’র ডিসপ্লের পরিসর ১৫ দশমিক ৬ ইঞ্চি এবং রেজ্যুলেশন ১০৮০ পিক্সেল।
গেইমিং কম্পিউটারটিতে স্ট্যান্ডার্ড ১২৮জিবি এসএসডি থাকায় সেটা অন্যান্য হার্ডড্রাইভের তুলনায় দুই থেকে তিনগুণ দ্রুত করে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এর পুরুত্ব মাত্র ২৪ দশমিক ৫ মিলিমিটার এবং ওজন দুই দশমিক ০৯ কেজি। পোর্টেবল পাতলা এবং ব্যাকলাইট সমৃদ্ধ কি-বোর্ড রয়েছে এতে।
