রপ্তানি আয়ের গতি শ্লথ
গত অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয়ে ১০ শতাংশ প্রবৃদ্ধি হলেও এবার সেই হার ধরে রাখতে না পারার শঙ্কা তৈরি হয়েছে।
২০১৬-১৭ অর্থবছরের প্রথম দশ মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে দুই হাজার ৮৭২ কোটি ১৭ লাখ ডলার আয় হয়েছে।
আয়ের এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি হলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ কম।
মূলত তৈরি পোশাক রপ্তানির উপর ভর করে প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হলেও বিশ্ববাজারে তৈরি পোশাকের দাম কমাকে দায়ী করছেন তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা।
মাসিক হিসেবেও এপ্রিলে রপ্তানি আয়ে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। গত এপ্রিলের তুলনায় রপ্তানি আয় ৩ দশমিক ৪৯ শতাংশ বেশি হলেও তা লক্ষ্যের চেয়ে প্রায় ৪ শতাংশ কম।
তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পোশাকের দাম কমায় রপ্তানিতে ধীরগতি চলছে।
“আমরা আশা করেছিলাম, গত অর্থবছরের মতো এবারও ১০ শতাংশের মত প্রবৃদ্ধি হবে। কিন্তু এখন মনে হচ্ছে, প্রবৃদ্ধি ধরে রাখা গেলেও গতবারের চেয়ে বেশ কম হবে।”
সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২ হাজার ৮৭২ কোটি ১৭ লাখ (২৮.৭২ বিলিয়ন) ডলার আয় করেছে।
এর মধ্যে দুই হাজার ৩১৩ কোটি ৭৩ লাখ (২৩.১৩ বিলিয়ন) ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ২১ শতাংশ।
এর মধ্যে নিট খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮১ শতাংশ। উভেনে প্রবৃদ্ধি হয়নি; উল্টো কমেছে দশমিক ১৪ শতাংশ।
তৈরি পোশাক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ০৬ শতাংশ আয় কম এসেছে। মোট রপ্তানির প্রায় ৮২ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।
গত অর্থবছরের এই দশ মাসে পোশাক রপ্তানি থেকে ২ হাজার ২৬৩ কোটি (২২.৬৩ বিলিয়ন) ডলার আয় হয়েছিল।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন হয় ১ দশমিক ১ শতাংশ। ইউরোপের বাজারে দর কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।
অন্য খাতের মধ্যে জুলাই-এপ্রিল সময়ে হিমায়িত চিংড়ি রপ্তানি থেকে আয় কমেছে ৩ শতাংশ।
চামড়া রপ্তানি ৬ দশমিক ৩৪ শতাংশ কমলেও চামড়াজাত পণ্যে রপ্তানির বেড়েছে ১৯ শতাংশ। জুতা রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ২৩ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে দশমিক ৩৩ শতাংশের মত। এছাড়া ওষুধ রপ্তানি ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা আছে ৩ হাজার ৭০০ কোটি (৩৭ বিলিয়ন) ডলার।
গত ২০১৫-১৬ অর্থবছরে পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ (৩৪.২৫ বিলিয়ন) ডলার আয় করেছিল বাংলাদেশ। যা ছিল আগের অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেশি।
