ওয়ালটনের বড় পর্দার নতুন ট্যাব
উন্নত প্রযুক্তির আইপিএস ডিসপ্লের নতুন ট্যাবলেট বাজারে এনেছে ওয়ালটন।
সোমবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মাল্টিটাস্কিং বৈশিষ্ট্যের ‘ওয়ালপ্যাড ১০বি’ নামের নতুন এই ট্যাবের বিশেষ ফিচার হলো হাই রেজুলেশনের বড় পর্দা। এতে গ্রাহকরা পাবেন আরও স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা।
সারা দেশে ওয়ালটন প্লাজা ও ব্রান্ডেড আউটলেটে পাওয়া যাচ্ছে ওয়ালটনের নতুন এই ট্যাব।
এর দাম ধরা হয়েছে ১০ হাজার ৪৯০ টাকা। অভিজাত গ্রে (ধূসর) রঙের ট্যাবটিতে থাকছে ১ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
এই ট্যাবে আছে ১২৮০ বাই ৮০০ পিক্সেলের ১০.১ ইঞ্চির ডাব্লিউএক্সজিএ পর্দা।
ওয়ালটন সেল্যুলার ফোন গবেষণা ও উন্নয়ন বিভাগের উপ পরিচালক আরিফুল হক রায়হান বলেন, “ওয়ালপ্যাড ১০বি’তে ব্যবহৃত হয়েছে আইপিএস প্রযুক্তির উজ্জ্বল বড় পর্দা। এতে অনলাইন ব্রাউজিং, বই পড়া, গেম খেলা, মুভি দেখাসহ অন্যান্য কাজে পাওয়া যাবে আনন্দদায়ক অভিজ্ঞতা। বিশেষ করে যারা বেশি ভ্রমণ করেন, তাদের অফিশিয়াল কাজ ও বিনোদনের জন্য আদর্শ এই ট্যাব।”
‘ওয়ালপ্যাড ১০বি’ ট্যাবে আছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ফলে দীর্ঘক্ষণ কাজ করা বা ভিডিও অনায়াসে দেখা যাবে বলে জানান রায়হান।
অ্যান্ড্রয়েড ৫.১ অপারেটিং সিস্টেম চালিত এই ট্যাবের দ্রুতগতি নিশ্চিত করতে আছে ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর। রয়েছে ১ গিগাবাইট র্যাম। গ্রাফিক্স হিসেবে ব্যবহৃত হয়েছে মালি ৪০০।
ট্যাবটির ইন্টারনাল মেমোরি ১৬ গিগাবাইট। এক্সটারনাল কার্ডের মাধ্যমে আরো ৬৪ গিগাবাইটের পর্যন্ত বর্ধিত মেমোরি ব্যবহার করা যাবে।
ওয়ালটনের নতুন এই ট্যাবের পেছনে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। পেছনের ক্যামেরায় ফুল এইচডি (১০৮০ বাই ১৯২০) মানের ভিডিও ধারণ করা যাবে।
নতুন এই ওয়ালপ্যাডের পুরুত্ব মাত্র ৯.২ মিলিমিটার। এর দৈর্ঘ্য ২৫৪.৬ মিলিমিটার। ১৫২.৬ মিলিমিটার চওড়া ট্যাবটির ব্যাটারিসহ ওজন ৫৫০ গ্রাম।
