২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১ মিনিটের কাজের’ অপেক্ষায় মাংস ব্যবসায়ীরা

বাণিজ্যমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন না হলে রোজার শুরুতে ফের ধর্মঘটের চিন্তা করছে মাংস ব্যবসায়ীরা। ওই আশ্বাস এক মিনিটের মধ্যে বাস্তবায়ন সম্ভব বলে দাবি করছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2017, 04:54 PM

Updated : 19 Aug 2022, 04:33 PM

রাজধানীর স্থায়ী পশুর হাট গাবতলীর ইজারাদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আন্দোলনের এক পর্যায়ে গত ফেব্রুয়ারিতে কয়েকদিন ধর্মঘট করেছিলেন মাংস ব্যবসায়ীরা।

এরপরও দাবি পূরণ না হওয়ায় গত ৩০ এপ্রিল সংবাদ সম্মেলন করে পুনরায় ধর্মঘটের হুমকি দিলেও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করেন।

মাংস ব্যবসায়ীরা এখন বলছেন, ধর্মঘটে যাওয়ার বিষয়ে রমজানের আগের দিন পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপর এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা।

বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব মো. রবিউল আলম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তাকায়া আছি বাণিজ্যমন্ত্রী এবং ঢাকার দুই মেয়রের দিকে। তিনি (মন্ত্রী) দায়িত্ব নিয়েছেন এর একটা সমাধান করে দেবেন।”

তিনি জানান, ২০ মের মধ্যে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মাংস ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গেও তাদের বৈঠক হবে। বৈঠক ফলপ্রসূ হলে ধর্মঘটের মতো কর্মসূচির দিকে যাবেন না তারা।

তবে বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের পর মন্ত্রণালয় থেকে কেউ যোগাযোগ করেনি জানিয়ে রবিউল বলেন, দাবিগুলো পূরণ না হলে ধর্মঘট ছাড়া তাদের আর কোনো উপায় নেই।

Image
গত ফেব্রুয়ারিতে ধর্মঘটের সময় মাংসশূন্য বাজার (ফাইল ছবি)

গত ফেব্রুয়ারিতে ধর্মঘটের সময় মাংসশূন্য বাজার (ফাইল ছবি)

“আমাদের সিদ্ধান্ত ছিল অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করব। বাণিজ্যমন্ত্রীর আশ্বাসের পরিপেক্ষিতে এটা আপাতত স্থগিত আছে। আমরা রোজার আগের দিন পর্যন্ত অপেক্ষা করব। আর যদি কিছুই না হয়, তাহলে আমরা রোজার আগে দিন অর্থাৎ ২৫ অথবা ২৬ তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।”

তাদের দাবিগুলো বাস্তবায়ন তেমন কঠিন কাজ নয় বলে মনে করেন মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব।

“আমাদের দাবিটা নতুন কিছু না। নতুন করে কিছু সৃষ্টি করতে হবে না। বিদ্যমান সরকারি আইন বাস্তবায়ন হলেই আমরা খুশি। গাবতলীর গরুর হাটে আমাদের উপর যে অত্যাচারটা করতেছে, সেটা এক মিনিটেই বন্ধ করা সম্ভব সরকার চাইলে।”

গাবতলীর হাটের ইজারাদার লুৎফর রহমানের সঙ্গে মাংস ব্যবসায়ীদের বিরোধ বছর গড়াচ্ছে।

মাংস ব্যবসায়ী সমিতির অভিযোগ, সরকারের আদেশ ‘অমান্য করে’ ইজারাদার অতিরিক্ত খাজনা আদায়ের পাশাপাশি নিজেদের বাহিনী দিয়ে মাংস ব্যবসায়ীদের ওপর নির্যাতন চালাচ্ছে।

তবে লুৎফর বলে আসছেন, সিটি করপোরেশনের নির্ধারণ করা হারেই খাজনা আদায় করা হচ্ছে। সিটি করপোরেশনের দেওয়া ট্রেড লাইসেন্সধারীরা সুবিধা ঠিকই পাচ্ছেন। মাংস ব্যবসায়ী সমিতি তাদের নিজেদের দেওয়া কার্ডধারীদের কাছ থেকেও কম খাজনা রাখার দাবি করে আসছে।

পুরনো খবর:

মন্ত্রীর আশ্বাস: হুমকি থেকে সরলেন মাংস ব্যবসায়ীরা
দাবি পূরণ না হলে সারা দেশে মাংস বিক্রি বন্ধের হুমকি