শার্শায় জমজমাট পটলের হাট
শুকনো মৌসুমের অন্যতম প্রধান আকর্ষণীয় সবজি পটলের হাট জমে উঠেছে যশোরের বাগআঁচড়ায়।
শার্শা উপজেলার এই হাটটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ পটলের হাট বলে স্থানীয় আড়তদাররা মনে করেন।
আড়তদার আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “এ অঞ্চলের সবচেয়ে বড় এই পটলের হাটে প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার মণ পটল কেনাবেচা হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে বাকিটা চলে যায় বিভিন্ন জেলায়।”
প্রতিদিন সূর্য ওঠার আগেই চাষি, পাইকার, মজুরের হাঁকডাকে মুখর হয়ে ওঠে যশোর শহর থেকে ৩৭ কিলোমিটার পশ্চিমে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের পাশের এই বাজার।
আবহাওয়া অনুকূল থাকায় এ বছর ফলন ভালো হয়েছে। আর দামও গত কয়েক বছরের মধ্যে ভালো বলে কৃষকের মুখে হাসি দেখা যাচ্ছে।
বাহাদুরপুর গ্রামের চাষী ফরিদ গাজি বলেন, “বোশেখ মাসের এই সময় আগে চার-পাঁচ টাকা দরে পটল বেচতাম। আজ বেচেছি ২২ টাকা দরে। পাঁচ বিঘে জমিতি চাষ করে এই পর্যন্ত প্রায় ৭০ হাজার টাকার পটল বেচিছি। আরও লাখ টাকার পটল বেচার আশা আছে।”
পাইকাররা দূরদূরান্ত থেকে পটল কিনতে আসে এ হাটে। পাবনার পাইকার মজিবর রহমান তাদেরই একজন।
প্রতিদিন এখানে নারী-পুরুষ মিলে দুই শতাধিক লোক মজুর খেটে সংসার চালায় বলে জানান লেবার সর্দার আনসার আলী।
সরজমিনে দেখা গেছে, চাষীরা পটল এনে আড়তদারদের কাছে বিক্রি করেন। আড়তদাররা বিক্রি করেন পাইকারদের কাছে। তারপর পাকা রাস্তার ধারে মজুররা বস্তায় ভরেন থরে থরে। ট্রাক ভরে তা চলে যায় দূরদূরান্তে।
তবে মহাসড়ক দখল করে কার্যক্রম চলার কারণে প্রায়ই এখানে যানজট দেখা দেয়; ঘটে দুর্ঘটনা। ক্রেতা-বিক্রেতারা প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়েছেন।
পটলের ফলন সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তা নারায়ণচন্দ্র পাল বলেন, “উপজেলায় পটলের বাম্পার ফলন হয়েছে। কৃষকের মধ্যে পটল চাষের আগ্রহ বাড়ছে। আগামীতে আরও অনেক পটল উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। আর কৃষকরা আশানুরূপ দাম পেয়ে দারুণ খুশি।”
