২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পেপসিকোর মুনাফা, খেসারত সারা বিশ্বের’

কোমল পানীয় কোম্পানি পেপসিকোর বিপুল সাফল্যের জন্য বিশ্বজুড়ে মানুষ ও প্রতিবেশকে খেসারত দিতে হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের একটি পরিবেশবাদী সংগঠন।

নুরুল ইসলাম হাসিব

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2017, 11:40 PM

Updated : 11 Oct 2022, 01:57 PM

স্যান ফ্রান্সিসকোভিত্তিক দ্য রেইনফরেস্ট অ্যাকশন নেটওয়ার্ক (আরএএন) বলছে, পেপসিকো বিশ্ব জুড়ে কোমল পানীয় ও স্ন্যাকস বিক্রি করে শত শত কোটি ডলার আয় করছে। বেশি লাভের জন্য সেসব খাদ্যপণ্যে ব্যবহার করা হচ্ছে সস্তা পাম অয়েল।

আর এই পাম তেল উৎপাদনের জন্য বিস্তীর্ণ চিরহরিৎ বনাঞ্চল কেটে গড়ে তোলা হচ্ছে পাম গাছের খামার। এ কারণে পরিবেশ অধিকারকর্মীরা এই তেলকে বলেন ‘কনফ্লিক্ট পাম অয়েল’।

এপ্রিলের শেষে প্রকাশিত আরএএনের ওই প্রতিবেদনে বলা হয়, প্রতি বছর পেপসিকো তাদের স্ন্যাকস তৈরিতে যে পরিমাণ পাম অয়েল ব্যবহার করে, তা দিয়ে বিষুবরেখা বরাবর পৃথিবীকে চার বার ঘিরে ফেলা যায়।

বছরে ৬৫ বিলিয়ন ডলারের ওপর ব্যবসা করা পেপসিকো কোমল পানীয় নিয়ে ক্রমবর্ধমান স্বাস্থ্যগত উদ্বেগের কারণে বছর দশক আগে স্ন্যাকসের ব্যবসায় মন দেয়। ধীরে ধীরে খাদ্যপণ্যের বাজারে তাদের ভিত্তি মজবুত হতে থাকে।

আরএএন বলছে, বিশ্বজুড়ে পাম অয়েলের উৎপাদনও বছর দশেক আগে থেকেই হঠাৎ করে বাড়তে শুরু করে। হাইড্রোজেন যোগ করে ঘণীভূত করা উদ্ভিজ্জ তেল বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়া ছিল এর পেছনে একটি কারণ। তবে প্রতিবছর বিশ্বে উৎপাদিত পাম অয়েলের একটি অংশ যাচ্ছে পেপসিকোর স্ন্যাকস তৈরির কাজে।     

২০১৪ সালে চার লাখ ৭০ হাজার ৪৫ মেট্রিক টন পাম অয়েল ব্যবহার করার কথা পেপসিকো স্বীকার করেছে, যা ছিল ওই বছরের মোট পাম অয়েল উৎপাদনের ০.৭ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের যে দশটি কোম্পানি সবচেয়ে বেশি পাম অয়েল আমদানি করে, তার শীর্ষ ছয়টির সঙ্গেই কোনো না কোনোভাবে পেপসিকোর যোগাযোগ রয়েছে বলে আরএএনের সন্দেহ।    

ওই ছয় মার্কিন কোম্পানি বছরে ১৪ লাখ মেট্রিক টনের বেশি পাম অয়েল আমদানি করে, যা যুক্তরাষ্ট্রের মোট আমদানির ৬৫ শতাংশের মত। 

আরএএনের প্রতিবেদনে বলা হয়েছে, পেপসিকোর স্ন্যাকস ও পানীয়গুলো নিয়ে স্বাস্থ্যগত উদ্বেগ নতুন নয়। কিন্তু গত কয়েক দশকে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে লবিস্টরা পেপসিকো এবং এর সহযোগী ব্র্যান্ড ফ্রিটো-লের মতো বড় স্ন্যাকস বিক্রেতাদের ব্যবসার সহায়ক নীতিমালা নিতে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ দপ্তর এবং অন্য দেশের সরকারগুলোর উপর চাপ দিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের নীতির উপর পেপসিকোর প্রভাব ‘বেড়েই চলেছে’ এবং তা বিশ্বজুড়ে বিস্তৃত হচ্ছে বলে মন্তব্য করা হয়েছে আরএএনের প্রতিবেদনে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে গত ২৯ এপ্রিল ই মেইল পাঠিয়ে পেপসিকোর বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। এরপর সপ্তাহ হতে চললেও তাদের দিক থেকে কোনো সাড়া মেলেনি।

আরএএনের সদরদপ্তর স্যান ফ্রান্সিসকো হলেও সংগঠনটির কর্মীরা কাজ করেন মূলত জাপানের টোকিওতে। তার বাইরে বিশ্বজুড়ে কয়েক হাজার বিজ্ঞানী, শিক্ষক, ছাত্র ও অভিভাবক সংগঠনটির স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।

বহুজাতিক কোম্পানিগুলোকে পরিবেশ সহায়ক ব্যবসা কৌশল নিতে বাধ্য করার জন্য জোরালো প্রচার চালিয়ে আসছে সংগঠনটি।

রেইনফরেস্ট অ্যাকশন নেটওয়ার্কের এগ্রিবিজনেস ক্যাম্পেইন ডিরেক্টর জেমা টিলাক পেপসিকোকে ‘পাম অয়েলের ফেরিওয়ালা’ আখ্যায়িত করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “পেপসিকোর তথাকথিত ‘টেকসই এজেন্ডা ২০২৫’ আমরা দেখেছি। পেপসিকো দাবি করেছে, সুস্বাস্থ্য ও ভাল থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে তাদের পণ্যে। কিন্তু বাস্তবতা হচ্ছে, পেপসিকো এখনো বিতর্কিত পাম অয়েল ফেরি করে বেড়াচ্ছে।”

বিশ্বের সবচেয়ে সস্তা উদ্ভিজ্জ তেল এই পাম অয়েল, যার উৎপাদন গত এক দশক ধরে বেড়েই চলেছে। দরিদ্র মানুষের খাবার এই সস্তা তেল পাম দক্ষিণপূর্ব এশিয়াতেই বেশি উৎপাদিত হয়।

ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মত দেশের শিথিল আইন, শোষণমূলক শ্রম পরিবেশ ও জাতীয় ভূমি ব্যবস্থপনার দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর জমি তাদের যথাযথ অনুমোদন ছাড়া অধিগ্রহণ করে করপোরেশনগুলো পাম গাছের চাষ করছে বলে আরএএনের পর্যবেক্ষণ।

প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক উন্নতির নামে কয়েক দশক ধরে রেইনফরেস্ট ধ্বংস করে পাম চাষের মাধ্যমে ধরিত্রীকে জলবায়ু বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে।

“চিরহরিৎ বনাঞ্চল উজারের ফলে অসংখ্য প্রজাতি নিশ্চিহ্ন হয়েছে; বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের আর্তনাদের মধ্য দিয়ে শত প্রাণ, জনগোষ্ঠী ও সংস্কৃতি ধ্বংস হয়েছে।”

টিলাক বলেন, “বিশ্বজুড়ে পেপসিকোর কয়েকশ পণ্যে ‘কনফ্লিক্ট পাম অয়েল’ ব্যবহার যে মানুষ ও পৃথিবীর জন্য প্রাণঘাতী হচ্ছে- এই সত্য মোকাবেলা করতে পেপসিকো নৈতিকভাবে বাধ্য।”

পেপসিকোর সিইও ইন্দ্র নোয়িকে লেখা এক চিঠিতে আরএএনের নির্বাহী পরিচালক লিন্ডসে অ্যালেন বলেন, “আপনার নেত্বাধীন পেপসিকো আজ পর্যন্ত কনফ্লিক্ট পাম অয়েল ব্যবহারের বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্যোগ নেয়নি।

“আপনি যদি চান, বাজারে পেপসিকোর বিস্তার ঘটুক, সব পরিবারের কাছে স্বাস্থ্যকর পণ্য হিসেবে পেপসিকো ব্র্যান্ডের ভাবমূর্তি গড়ে উঠুক, তাহলে পেপসিকো যে মানুষ, প্রতিবেশ ও আমাদের বিশ্ব জলবায়ুর জন্য ধ্বংসাত্মক কনফ্লিক্ট পাম অয়েল ব্যবহার করছে- সেই সত্যের মুখোমুখি আপনাকে হতে হবে।”

তিনি লিখেছেন, পণ্য উৎপাদনে সস্তা ‘কনফ্লিক্ট পাম অয়েল’ ব্যবহারের এই সাধারণ বাণিজ্য কৌশলের মধ্য দিয়ে পেপসিকো আসলে ব্যাপক হারে ব্যয় সাশ্রয় করছে, যার মূল্য দিচ্ছে সারা বিশ্ব।