২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটন খাতে প্রণোদনার আশ্বাস মন্ত্রীর

বাংলাদেশের পর্যটন খাতকে উৎসাহিত করতে প্রণোদনা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2017, 03:02 AM

Updated : 11 Apr 2022, 11:31 PM

বুধবার বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি একথা বলেন।

সভায় বিভিন্ন ট্যুর অপারেটর,ট্যাভেল এজেন্ট, কয়েকটি এয়ারলাইন্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ট্যুরিস্টদের ভালো গাড়ি না থাকা, বিমানের ফুয়েলের বেশি দামের কথা তুলে ধরে ট্যুরিজম খাতে প্রণোদনা এবং ভালো কাজের জন্য পুরস্কারের বিষয়টি বিবেচনারকথা বলেন।

সভায় উপস্থিতদের নানা অভিযোগ শুনে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, বিমান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারুক খান ও অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মেনন বলেন, “আমরা ট্যুরিজমের ক্ষেত্রে এমন কিছু এখনো করতে পারিনি যাতে সরকারের নজর এখানে পড়বে। তবে একথা বলতে পারি, গত কয়েক বছরে ট্যুরিজম নিশ্চিতভাবে এগিয়ে চলেছে। সেটা অভ্যন্তরীণ ট্যুরিজমের ক্ষেত্রে বলি বা বিদেশি ট্যুরিজমের ক্ষেত্রে বলি।

“আমাদের যেটা এখন প্রয়োজন সেটা হলো এটাকে আরেকটু উৎসাহিত করা। সেক্ষেত্রে ট্যুরিজম খাতে প্রণোদনা গুরুত্বপূর্ণ। এ বিষয়টি নিয়ে আসতে হবে। মাননীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বিষয়টি আমি নিজে বলব।”

“প্রণোদনা দেওয়া হলে অনেকে ট্যুরিস্ট কার ও ট্যুরিস্ট কোচ ইত্যাদি মাঠে নামাতে রাজি আছেন। এই বিষয়গুলোও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি।”

সভায় অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, “অর্থ মন্ত্রণালয় নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে। আমরা বরাদ্দ ঠিক করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে।

তিনি বলেন, “আমার বাড়ি সিলেট। লন্ডনে অনেক আত্মীয়-স্বজন আছে। লোকজন বলে বিমান অফিসে ফোন করলে ফোন ধরে না। লন্ডন থেকে স্বজনরা বলেন বিমানের লন্ডন অফিসে ই-মেইল করলে কখনো কোনো জবাব মেলে না।”

সভায় উপস্থিত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজকে উদ্দেশ্য করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, “দয়া করে বিষয়টা চেক করেন। চেক করেন।”

ফারুক খান বলেন, “আমাদের ট্যুরিজমকে গুরুত্ব দেওয়ার সময় এসেছে। এখানে যারা জড়িত তারা কেবল বৈদেশিক মুদ্রাই অর্জন করে তা নয়, বরং প্রচুর মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করেন।”

সভায় অন্যদের মধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দিন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী, পাক্ষিক মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিলের চেয়ারম্যান এ কে এম বারী, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।