কৃষ্ণাঙ্গ বিক্ষোভ নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো পেপসি
যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ এক যুবক নিহতের ঘটনার পর গড়ে উঠা আন্দোলন থেকে দৃশ্য ধার করে তৈরি পেপসির একটি বিজ্ঞাপন ব্যাপক সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইউটিউবে পোস্ট করা ওই ভিডিও দেখে ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামে আফ্রো-আমেরিকানদের জীবন-মরণ লড়াইয়ের দৃশ্য পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করে বহুজাতিক এই পানীয় প্রস্তুতকারক কোম্পানি আন্দোলনের গুরুত্বকে খাটো করেছেন বলে অভিযোগ করেন সমালোচকরা।
এরপর বুধবার পেপসির এক সংবাদ বিবৃতিতে বলা হয়েছে, “ঐক্য, শান্তি ও সমঝোতার একটি বৈশ্বিক বার্তা প্রদর্শন করতে চেয়েছিল পেপসি। তা যে হয়নি, সেটা স্পষ্ট। আমরা ক্ষমাপ্রার্থী।
“কোনো বিষয়ের গুরুত্ব ছোট করে দেখানোর কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমরা ওই কনটেন্ট সরিয়ে নিচ্ছি এবং প্রচার বন্ধ করছি।”
ইউটিউবে প্রকাশিত ওই বিজ্ঞাপনে একদল তরুণ-তরুণীকে রাস্তায় মিছিল করতে দেখা যায়। তাদের স্লোগানে উজ্জীবিত শ্বেতাঙ্গ মডেল কেনডাল জেনার ফটোশুট ছেড়ে নেমে আসেন রাস্তায়। তখনই বিজ্ঞাপনটি নাটকীয় মোড় নেয়।
কেনডাল জেনার বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীদের সামনে দাঁড়ানো এক পুলিশ সদস্যের হাতে পেপসির ক্যান তুলে দেন। বিক্ষোভকারীরা তখন আনন্দ-উল্লাস করে তাকে বাহবা দেন, আর সেই পুলিশের ঠোঁটে ফোটে প্রশংসার হাসি।
আন্দোলনকারীরা বলছেন, পুলিশি বর্বরতার প্রতিবাদ করতে গিয়ে বাস্তব জীবনে যে অভিজ্ঞতা তাদের হয়েছে, এই বিজ্ঞাপনচিত্র তার ঠিক বিপরীত।
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের অন্যতম সংগঠক মার্শা পি জনসন ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক এলে হার্নস বলেন, ঐতিহাসিক ওই বিক্ষোভে মানুষের ত্যাগের যে মহিমা, তাকে হেয় করা হয়েছে পেপসির ওই বিজ্ঞাপনে।
তিনি বলেন, “বিক্ষোভে নেমে কেউ পেপসির মধ্যে আনন্দ খোঁজে না। সেটা আমাদের জীবনের বাস্তবতা নয়। সাহসী পদক্ষেপ যাকে বলে, তার সঙ্গে ওই কাজ মোটেই যায় না।”
পেপসি যেদিন বিজ্ঞাপনটি প্রকাশ করে, ৪৯ বছর আগে ঠিক ওই তারিখেই (১৯৬৮ সালের ৪ এপ্রিল) গুলি করে হত্যা করা হয় আমেরিকার নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে।
‘পেপসি দিয়ে পুলিশ ঠাণ্ডা করার’ ওই দৃশ্য দেখে তার মেয়ে বার্নিস কিং এক টুইটে লিখেছেন, “বাবা যদি শুধু পেপসির এই গুণ জানত!”
ডেরি মেকেসন নামে একজন লিখেছেন, “আমার হাতে যদি পেপসি থাকে, তাহলে পুলিশ বোধ হয় আমাকে কখনো আটকই করবে না। কে জানে?”
বিজ্ঞাপনে কেনডাল জেনারের পেপসি হাতে পুলিশের মুখোমুখি হওয়ার ওই ছবির পাশে লুইজিয়ানার ব্যাটন রুজে
রণসাজে মারমুখী পুলিশের সামনে কৃষ্ণাঙ্গী তরুণী ইশিয়া ইভান্সের নীরব প্রতিবাদের সেই বিখ্যাত ছবিটি রেখে টুইট করেছেন মায়া নামের একজন।
ইভান্সের ওই ছবির দিকে ঈঙ্গিত করে এলে হার্নস বলেন, “তিনি যে সাহস দেখিয়েছিলেন, তার সঙ্গে এই বিজ্ঞাপন কোনোভাবেই যায় না। রাজপথে দাঁড়ানো ওই নারী পুলিশের সঙ্গে শান্তিরক্ষীর ভূমিকায় ছিলেন না। তিনি ছিলেন মুখোমুখি, কার্যত প্রতিবাদী।”
ছবি: রয়টার্স
