ওয়ালটনের নতুন কারখানা উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
ওয়ালটনের নতুন কম্প্রেসার উৎপাদন কারখানা উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী গাজীপুরের চন্দ্রায় এই কারখানা উদ্বোধন করেন বলে ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অর্থমন্ত্রী ওয়ালটন কারখানা কমপ্লেক্সে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ওয়ালটন গ্রুপের ভাইস চেয়ারম্যান এস এম নূরুল আলম রিজভী।
উদ্বোধনী অনুষ্ঠানে মুহিত বলেন, “বাংলাদেশের একমাত্র অগ্রগামী ম্যানুফ্যাকচারিং শিল্প প্রতিষ্ঠান হচ্ছে ওয়ালটন। প্রতিষ্ঠানটি প্রতিটি খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল এখন দেশেই তৈরি করছে। উৎপাদিত সেসব কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে পূর্ণাঙ্গ পণ্য। দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে ওয়ালটন।”
অর্থমন্ত্রী বলেন, “২০১৩ সালে ওয়ালটন কারখানা পরিদর্শনের সময় দেখেছিলাম স্থানীয় পর্যায়ে ফ্রিজ উৎপাদনে শুধুমাত্র কম্প্রেসার বিদেশ থেকে আমদানি করা হতো। মাত্র চার বছরের মধ্যেই দেশের প্রথম কম্প্রেসার উৎপাদন কারখানা স্থাপন করতে সক্ষম হয়েছে ওয়ালটন। এখন ওয়ালটন ফ্রিজের প্রত্যেকটি খুচরা যন্ত্রাংশ ও কাঁচামাল দেশেই তৈরি করছে, যা দেখে আমি খুব আনন্দিত।”
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে প্রায় ১৬ লাখ বর্গফুট এলাকায় স্থাপন করা হয়েছে এই কম্প্রেসার কারখানা।
