২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণা-উন্নয়নে ১১ বিলিয়ন ডলার বিনিয়োগ হুয়াওয়ের

গবেষণা ও উন্নয়নে ২০১৬ সালে ১১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আইসিটি সল্যুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2017, 04:32 PM

Updated : 19 Aug 2022, 04:15 PM

সম্প্রতি প্রকাশিত ২০১৬ সালের আর্থিক প্রতিবেদনে হুয়াওয়ে এ তথ্য জানায়।

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যারিয়ার, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার বিজনেস গ্রুপ (বিজিএস) আলাদাভাবে টেকসই প্রবৃদ্ধি অর্জন করেছে। পুরো গ্রুপের মোট আয় ৭৫ দশমিক এক বিলিয়ন ডলার, যা ২০১৫ সাল থেকে ৩২% বেশি।

এক্ষেত্রে হুয়াওয়ের মূল লাভের পরিমাণ ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার এবং প্রবৃদ্ধির হার শূন্য দশমিক ৪ শতাংশ। গত ২০১৬ সালে প্রতিষ্ঠানটি গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রেখেছে, যার পরিমাণ ১১ বিলিয়ন ডলার।

হুয়াওয়ের বর্তমান সিইও এ্যারিক সু বলেন, “ডিজিটাল দুনিয়ায় মানুষ নতুন কিছু উদ্ভাবনের প্রচেষ্টায় বিভোর। এরই ধারাবাহিকতায় ডিজিটালাইজেশন ও মেধাভিত্তিক উপস্থিতি নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি করে দিচ্ছে, যা প্রযুক্তি খাতকে এগিয়ে নিয়ে প্রবৃদ্ধির চরম শিখরে নিয়ে যাচ্ছে।”

গত ২০১৬ সালে হুয়াওয়ে ক্যারিয়ার বিজি আয় করেছে ৪১ দশমিক ৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধির হার ২৪%।

ক্লাউড, ভিডিও, ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ক্যারিয়ার গ্রাহকদের জন্য ট্রান্সফরমেশন সংক্রান্ত পরিচালনার কাজে বেশি মনোনিবেশ করায় হুয়াওয়ের এ অর্জন।

অর্থনীতি, এনার্জি বা প্রাকৃতিক শক্তি, সরকারি সংস্থা এবং জন নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে প্রযুক্তিগত অবকাঠামো তৈরিতে সহায়তার উদ্দেশ্যে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্বে গিয়ে কাজ করছে হুয়াওয়ে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আয় করেছে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধির হার ৪৭%।

হুয়াওয়ে কনজ্যুমার বিজি গত বছর ১৩৯ মিলিয়ন ইউনিট স্মার্টফোন রপ্তানি করেছে, যার মূল্যমান ২৫ দশমিক ৯ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৪৪%।   

হুয়াওয়ের সিএফও সাবরিনা মেং বলেন, “২০১৬ সালে টেকসই মূলধন অবকাঠামো পরিচালনা ও ঝুঁকি থেকে স্বাভাবিক অবস্থায় এসে সুস্থ্য পরিবেশে নিজেদের ব্যবসা পরিচালনা করেছে হুয়াওয়ে। ২০১৭ সালে আমরা ব্যবসায়িক পরিচালনায় দক্ষতা এবং উন্নত মান বজায় রেখে টেকসই প্রবৃদ্ধি অব্যাহত রাখব।”