‘ফোর জি’ নিলাম এই বছরই: অর্থমন্ত্রী
চলতি বছরের শেষ ভাগেই মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের প্রযুক্তির (ফোর জি) নিলাম ডাকার আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজস্ব আয় বাড়াতে বিটিআরসিকে একটি বড় উৎস হিসেবে দেখিয়ে বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে এই আশাবাদ প্রকাশ করেন তিনি।
মুহিত বলেন, “একটা বড় আয়ের উৎস হল বিটিআরসি। সেখানে আমরা তরঙ্গ ভাগ করে দেই, সেখানে বড় টাকা পাই। এবার তো ফোর জি। সেখানে আরও বেশি কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে।
“তার অকশনটা এ বছরই (চলমান অর্থ বছরে) হওয়ার কথা ছিল। হবে কি না, আমার একটু সন্দেহ আছে। এবছর না হলেও ইট শুড বি ইন দিস ক্যালেন্ডার ইয়ার।”
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা দেওয়া উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন অর্থমন্ত্রী।
২০১৩ সালে থ্রি জির নিলাম করেছিল বিটিআরসি; তাতে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কাছে তরঙ্গ বিক্রি করেই প্রায় ১ হাজার ৬৩২ কোটি টাকা আয় হয়।
অনুষ্ঠানে তহবিলের উদ্বৃত্ত অর্থ থেকে আইডিআরএ ১০০ কোটি টাকা এবং আইসিবি ৫১ কোটি ২৫ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেয়।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ এবং সদস্য মো. মুরশিদ আলম এবং গোকুল চাঁদ দাস আনুষ্ঠানিকভাবে মন্ত্রীর হাতে ১০০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
অন্যদিকে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতেখার উজ জামান ৫১ কোটি ২৫ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রীর হাতে।
আগামী বাজেটের প্রস্তুতিতে নামা মুহিত সরকারের আয় বাড়াতে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলেন। সরকারি প্রতিষ্ঠানের আয় বাড়ছে বলেও জানান তিনি।
“আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, যারা ব্যবসায় লিপ্ত। তারা আমাদের টাকা-পয়সা দেন। দেখতে পারছেন, এটা বাড়ছে। ইডরা (বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) গত বছর ২৮ কোটি (টাকা) দিয়েছিল, এবারে ১০০ কোটি।”
সরকারি সেবা এখনও বেশ সস্তা দাবি করে তা বাড়ানোর পরিকল্পনাও জানান তিনি।
“আমরা মোটামুটিভাবে ঠিক করেছি যে, যেখান থেকে সেবা দেব, সেখান থেকে খরচটাকে কালেক্ট করতে হবে। একটু যদি বাড়ানো যায়, সেটাও করব।”
সরকারের আয়ের আরেকটি উৎস হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির কথাও বলেন তিনি।
সরকারের আয় বাড়লে সেবার মান বাড়বে বলেও জানান অর্থমন্ত্রী।
দেশের সামষ্টিক অর্থনীতির কথা বলতে গিয়ে ভারতের সঙ্গে তুলনা করে তিনি বলেন, “ভারতের পারফরমেন্স খুবই ভালো, কিন্তু উত্থান-পতন অনেক আছে।
“আমাদের সে রকম নাই। গত প্রায় ২০ বছর আমাদের প্রবৃদ্ধি প্রায় ৬ দশমিক ৩ শতাংশ। এবারে আমাদের লক্ষ্য ৭ দশমিক ২। কোনো কোনো প্রজেকশন অনুসারে এটা ৭ দশমিক ৫ বলা হয়েছে।”
এই সফলতার পেছনে রাজনৈতিক স্থিতিশীলতার বড় ভূমিকা দেখছেন মুহিত।
তিনি এই প্রসঙ্গে বলেন, “আমার মনে হয়, আর কেউ এই দেশে হরতাল ডাকবে না। কেননা হরতাল চলবে না।”
দারিদ্র্য নির্মূলে সরকারের সবচেয়ে বেশি জোর দেওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “দারিদ্র্য কমাতে পারলে চাহিদা বাড়বে, সেটা প্রবৃদ্ধিও বাড়াবে।”
এই মেয়াদে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অবসরে যাওয়ার চিন্তার কথাও জানান ৮৩ বছর পেরিয়ে আসা মুহিত।
“২০১৮ সালের পর আমি অবশেষে অবসরে যাব। আই থিঙ্ক ইট ইজ ভেরি গুড এইজ টু রিটায়ার। আমার মনে হয়, অবসরের জন্য এটা বেশ ভালো সময়,” বলেই হেসে দেন তিনি।
