নয় মাসে রপ্তানি আয় বেড়েছে ৪ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম নয় মাসে বিভিন্ন পণ্য রপ্তানি করে দুই হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ ডলার আয় করেছে বাংলাদেশ।
এই অংক গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪ শতাংশ বেশি। মূলত তৈরি পোশাক রপ্তানির উপর ভর করেই এই প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হয়েছে।
তবে এই নয় মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৩ শতাংশ আয় কম এসেছে।
সর্বশেষ মার্চ মাসে গত বছরের মার্চের চেয়ে প্রায় ১০ শতাংশ আয় বেশি হয়েছে। এই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে ২ শতাংশ।
ফেব্রুয়ারি মাসে গত বছরের ফেব্রুয়ারির চেয়ে সাড়ে ৪ শতাংশ রপ্তানি আয় কম এসেছিল। ওই মাসে লক্ষ্যমাত্রার চেয়ে আয় কমেছিল ১০ শতাংশ।
গত ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয়ে প্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।কিন্তু এবার সেই ইতিবাচক ধারা ধরে রাখা সম্ভব হবে না।
বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা এজন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম কমে যাওয়াকে দায়ী করছেন।
বিজিএমইএর সহ-সভাপতি মাহমুদ হাসান খান বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে পোশাকের দাম কমায় রপ্তানিতে ধীরগতি চলছে।
“আমরা আশা করেছিলাম, গত অর্থবছরের মতো এবারও ১০ শতাংশের মত প্রবৃদ্ধি হবে। কিন্তু এখন মনে হচ্ছে, প্রবৃদ্ধি ধরে রাখা গেলেও গতবারের চেয়ে বেশ কম হবে।”
বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশ ২ হাজার ৫৯৪ কোটি ৬০ লাখ (২৫.৯৪ বিলিয়ন) ডলার আয় করেছে।
এর মধ্যে দুই হাজার ৯২ কোটি ৮৮ লাখ (২০.৯২ বিলিয়ন) ডলারই এসেছে তৈরি পোশাক রপ্তানি থেকে। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪ শতাংশ।
এরমধ্যে নিট খাতে প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৮৫ শতাংশ। উভেনে প্রবৃদ্ধির পরিমাণ মাত্র দশমিক ১৮ শতাংশ।
তৈরি পোশাক খাত থেকে লক্ষ্যমাত্রার চেয়ে ৬ শতাংশ আয় কম এসেছে।
মোট রপ্তানির প্রায় ৮২ শতাংশই এসেছে তৈরি পোশাক থেকে।
গত অর্থবছরের এই নয় মাসে পোশাক রপ্তানি থেকে ২ হাজার ৪৪ কোটি (২০.৪৪ বিলিয়ন) ডলার আয় হয়েছিল।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন হয় ৩ দশমিক ৮১ শতাংশ। ওই বছর ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশে গড়ে দরপতন হয় দশমিক ৭৬ শতাংশ।
২০১৬ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দরপতন হয় ১ দশমিক ১ শতাংশ। ইউরোপের বাজারে দর কমেছে ৩ দশমিক ১৯ শতাংশ।
অন্যান্য খাতের আয়
জুলাই-মার্চ সময়ে হিমায়িত চিংড়ি রপ্তানি থেকে আয় কমেছে ৩ দশমিক ২৯ শতাংশ।
চামড়া রপ্তানি ৪ দশমিক ৭৯ শতাংশ কমলেও চামড়াজাত পণ্যে রপ্তানির বেড়েছে ১২ দশমিক ৩৩ শতাংশ। জুতা রপ্তানি বেড়েছে আরও বেশি ১৩ দশমিক ১৩ শতাংশ।
পাট ও পাটজাত পণ্য রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। কৃষিজাত পণ্য রপ্তানি বেড়েছে ৩ শতাংশের মত।
এছাড়া ওষুধ রপ্তানি ৯ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।
চলতি অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা আছে ৩ হাজার ৭০০ কোটি (৩৭ বিলিয়ন) ডলার।
গত ২০১৫-১৬ অর্থবছরে পণ্য রপ্তানি করে বাংলাদেশ ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ (৩৪.২৫ বিলিয়ন) ডলার আয় করেছিল বাংলাদেশ। যা ছিল আগের অর্থবছরের (২০১৪-১৫) চেয়ে ৯ দশমিক ৭২ শতাংশ বেশি।
