গার্মেন্টের সমস্যা নিয়ে বাইরের কারও কাছে যাবেন না: শ্রম প্রতিমন্ত্রী
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সব কিছু করার আশ্বাস দিয়ে এ খাতের কোনো সমস্যা নিয়ে ‘বাইরের কোনো শক্তি’ বা কোনো সংগঠনের কাছে না যেতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
সচিবালয়ে মঙ্গলবার পোশাক শিল্প খাতের মালিক, শ্রমিক ও সরকার পক্ষের প্রতিনিধির সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের প্রথম সভায় এই আহ্বান জানান তিনি।
শ্রমিক নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আজ থেকে কোনো সমস্যা হলে আপনারা আমার কাছে আসবেন। বাইরের কারো কাছে যাবেন না, এতে আমাদের অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হয়।
“আপনারা বাইরের কোনো শক্তির কাছে যাবেন না, কোনো সংগঠনের কাছে যাবেন না। পোশাক শিল্পের উন্নয়নে যা যা করা দরকার সবকিছু করা হবে।”
রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পের উন্নয়ন, মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন, সম্পর্ক উন্নয়ন এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ গঠন করে সরকার।
সভায় শ্রমিক নেতারা দুই মাসে অন্তত একদিন নিজ নিজ কারখানার শ্রমিকদের নিয়ে বসার জন্য কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান।
শ্রম সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান ছাড়াও পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা সভায় উপস্থিত ছিলেন।
