১৫ এপ্রিলের পর ঢাকায় আর ‘সিটিং সার্ভিস নয়’
রাজধানীতে আগামী ১৫ এপ্রিলের পর সিটিং, গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো বাস চলতে পারবে না বলে জানিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিভিন্ন রুটের পরিবহন মালিক এবং পরিবহন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে সভার পর এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এ ঘোষণা দেন।
তিনি বলেন, “ঢাকা শহরে সিটিং-গেইটলক কিংবা স্পেশাল সার্ভিস নামে কোনো সার্ভিস চলতে পারবে না। প্রতিটি বাসকে রুট পারমিট অনুযায়ী চলতে হবে। এ সিদ্ধান্ত আগামী ১৫ এপ্রিল থেকে কার্যকর হবে।”
রাজধানীর প্রায় নব্বই শতাংশ পরিবহন মালিক এবং শহর ও শহরতলী রুটের শ্রমিক কমিটির নেতারা সভায় উপস্থিত ছিলেন বলে দাবি করেন এনায়েত উল্লাহ।
তিনি বলেন, সিটিং সার্ভিসের নামে যাত্রীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এটা চলতে পারে না।
অপ্রতুল গণপরিবহন ব্যবস্থার মধ্যে ‘সিটিং সার্ভিস’ নামের যন্ত্রণা নগরবাসীকে ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। বিভিন্ন সময়ে সরকারের মন্ত্রীরাও এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, কিন্তু কাজ হয়নি।
দেখা যায়,গায়ে ‘সিটিং সার্ভিস’ লেখা থাকলেও অধিকাংশ বাসেই আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন করা হচ্ছে। নিয়ম থাকলেও যাত্রীদের টিকেট দেওয়া হয় না; আদায় করা হয় বাড়তি ভাড়া। এ নিয়ে যাত্রীদের বাজে আচরণেরও মুখোমুখি হতে হয় অনেক সময়।
রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় ‘দীর্ঘদিন ধরে চলা অনিয়ম’ বন্ধে এবার উদ্যোগী হয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান এনায়েত উল্লাহ।
তিনি বলেন, “রোড পারমিটে সিটিং সার্ভিস বলে কোনো শব্দ নাই। দেখা গেছে, অফিস আওয়ারে হাজার হাজার যাত্রী রাস্তায় দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ি সিটিং বলে চলে যাচ্ছে, যাত্রীরা যেতে পারছে না। সিটিংয়ের নামের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পুরো পথের ভাড়া নেয়া হচ্ছে আবার রাস্তা থেকে যাত্রীও তোলা হচ্ছে।”
এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে কিনা তা দেখতে সমিতির কয়েকটি দল রাজধানীর বিভিন্ন স্থানে কাজ করবে বলে জানান তিনি।
মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করা, সরকার নির্ধারিত তালিকা অনুযায়ী ভাড়া আদায়, প্রতিটি গাড়িতে ভাড়ার তালিকা টাঙানো এবং গাড়ীর ছাদ থেকে ক্যারিয়ার, সাইড অ্যাঙ্গেল ও অতিরিক্ত সিট খুলে ফেলার সিদ্ধান্ত হয়েছে সভায়।
“এসব বিষয় নিয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে। আমরা চেষ্টা করেছি গণপরিবহন শৃঙ্খলা আনার। বিআরটিএ, পুলিশ অভিযান চালিয়েছে বিভিন্ন সময়। আমরাও বিভিন্ন সময়ে মালিকদের বলেছি নিয়ম মেনে চলার জন্য। কেউ আমাদের কথা শুনেছে, কেউ শোনেনি। তাই আজ সবাই মিলেই এসব সিদ্ধান্ত নিয়েছি।”
এই সিদ্ধান্তগুলোর বেশিরভাগই রুট পারমিটের শর্ত। এসব নিয়ম না মানলে আঞ্চলিক পরিবহন কমিটি রুট পারমিট বাতিল করে দিতে পারে। সেক্ষেত্রে নিয়ম মানাতে মালিকদের মাঠে নামার প্রয়োজন আছে কিনা জানতে চাইলে এনায়েত উল্লাহ বলেন, ওভাবে রুট পারমিট বাতিল করতে গেলে রাস্তায় নগর পরিবহনের গাড়িই থাকবে না।
“সুতরাং যারা ভুল করতেছে, তাদের যদি আমরা নিয়মের মধ্যে আনতে পারি, আমি মনে করি সেটাই ভালো হবে।”
মন্ত্রিসভার অনুমোদন পাওয়া সড়ক পরিবহন আইনের খসড়া নিয়ে সরকারকে চাপে রাখতে এটি পরিবহন মালিকদের কোনো কৌশল কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন তাদের এ বৈঠকের সঙ্গে আইনের কোনো সম্পর্ক নেই।
“সড়ক পরিবহন আইনের প্রস্তাব যেদিন কেবিনেটে পাস হয়, তারও পনের দিন আগে আমাদের এ সভা ডাকা হয়েছে। আগে অনেক অনিয়ম ছিল, সেগুলো নিয়ে কী করা যায় সেজন্যই আজ মালিকদের এই বৈঠক।”
তবে খসড়া আইনের কিছু ধারা নিয়ে পরিবহন মালিকদের আপত্তির কথা সংবাদ সম্মেলনে তুলে ধরেন এনায়েত উল্লাহ।
“আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কিন্তু কিছু ধারা আমাদের দেশের প্রেক্ষিতে বাস্তবসম্মত নয়। আমরা মনে করি, কোথাও কোথাও সংশোধনীর প্রয়োজন আছে। আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে আইন করলে আমাদের কোনো আপত্তি নেই।”
মন্ত্রিসভার অনুমোদন পাওয়া ওই খসরায় ড্রাইভিং লাইসেন্স পেতে ন্যূনতম অষ্টম শ্রেণি পাসের বাধ্যবাধকতা রাখার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে শাস্তির মাত্রা বাড়ানো হয়েছে।
