২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজে অনলাইন বৈশাখী মেলা

পহেলা বৈশাখ উপলক্ষে দেশি ই কমার্স সাইট ‘দারাজ বাংলাদেশে’ শুরু হয়েছে অনলাইন বৈশাখী মেলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 07:12 PM

Updated : 11 Oct 2022, 01:42 PM

গত ৩০ মার্চ থেকে এ মেলা শুরু হয়েছে বলে সোমবার এক সংবাদ সম্মেলনে জানান দারাজ বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার সায়ীদ মোস্তাহিদাল হক।

তিনি বলেন, ১৬ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।

বৈশাখ উপলক্ষে daraz.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন কেনাকাটায় ৬০ হাজারেরও বেশি পণ্যে ৭০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পণ্য কিনলে অতিরিক্ত আরও ২০% পর্যন্ত ছাড় পাবেন।

মোস্তাহিদাল হক বলেন, “আমরা চেষ্টা করি, সব ধরনের গ্রাহকের আয়ত্তের মধ্যে পণ্য বিক্রয় করতে। পহেলা বৈশাখের এই আয়োজন আমাদের সাইটকে পরিচিত করার একটি প্রয়াসের সাথে সাথে বাঙালির আনন্দ উদযাপনের সঙ্গী হল।”

এই অনলাইন মেলায় প্রতিদিনই নতুন কোনো অফার থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩০ মার্চ থেকে ফ্যাশন ও সৌন্দর্যচর্চার পণ্যে, ৩১ মার্চ থেকে খেলাধুলার সামগ্রী ও শিশুকিশোরদের জিনিসপত্রে, ১ এপ্রিল থেকে ঘর সাজানোর জিনিস এবং ২ এপ্রিল থেকে টেলিভিশন ও ক্যামেরা জাতীয় পণ্যে মূল্যছাড় চলছে।

এছাড়া ৩ এপ্রিল থেকে শুরু হয়েছে মোবাইল ফোন ও ট্যাব জাতীয় ইলেকট্রনিক্স সামগ্রীতে ছাড়। এরপরের দিনগুলোতেও আকর্ষণীয় ডিল ও অফার থাকবে বলে জানান আয়োজকরা।

‘দারাজ বাংলাদেশ’ এর ম্যানেজিং ডিরেক্টর বেনজামিন দি ফুশিয়ের বলেন, “আমি জানি পহেলা বৈশাখ বাঙ্গালিদের জন্য কতটা অর্থবহ এবং ঐতিহ্যপূর্ণ। কিন্তু এ যুগে এমন একটি ঐতিহ্য কেন কেবল অফলাইনে উদযাপিত হবে! অন্যতম প্রধান ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আমরা এই উৎসবের আনন্দ অনলাইনেও ছড়িয়ে দিতে চাই।”

দারাজের এই আয়োজনে পেমেন্ট পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং বিকাশ।