২৮ কোম্পানির ওষুধে নিষেধাজ্ঞা বহাল
বাংলাদেশের ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপনন বন্ধের নির্দেশ বহাল রেখেছে হাই কোর্ট।
এ বিষয়ে হাই কোর্টের দেওয়া রুলের ওপর শুনানি করে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্টের একই বেঞ্চ গত ২৭ ফেব্রুয়ারি এসব কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপণন তিন দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছিল।
পাশাপাশি ওই ২৮ কোম্পানির অ্যান্টিবায়োটিক, অ্যান্টিক্যানসার ও হরমোন-জাতীয় ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা ‘কেন বেআইনি হবে না’এবং এসব কোম্পানিকে ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাই কোর্ট।
স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে এর জবাব দিতে বলা হয়েছিল সেদিন।
ওই রুলের নিষ্পত্তি করেই সোমবার ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ বহাল রাখা হল।
যে ২৮ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
অ্যামিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, অ্যাজটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেঙ্গল টেকনো ফার্মা লিমিটেড, বেনহাম ফার্মাসিউটিক্যাল লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ডিসেন্ট ফার্মা লিমিটেড, ডা. টিমস ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্লোবেক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনোভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ম্যাক্স ড্রাগস লিমিটেড, মেডিমেট ল্যাবোরেটরিজ লিমিটেড, মডার্ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মিসটিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ন্যাশনাল ল্যাবরেটরিজ লিমিটেড, অর্গানিক হেলথকেয়ার লিমিটেড, ওয়েস্টার ফার্মা লিমিটেড, প্রিমিয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রাইম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সীমা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড, মমতাজ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইউনাইটেড ক্যামিকেলস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস লিমিটেড, এফএনএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেডের ইউনিট-১, ইউনিট-২ ও ইউনিট-৩।
এর মধ্যে বেনহাম ফার্মাসিউটিক্যালস, টিমস ফার্মাসিউটিক্যালস, গ্লোবেক্স ফার্মাসিউটিক্যালস, গ্রিনল্যান্ড ফার্মাসিউটিক্যালস, মেডিমেট ফার্মাসিউটিক্যালস, টেকনো ড্রাগস, এমিকো ফার্মাসিউটিক্যালস ও অর্গানিক হেলথকেয়ার, ওয়েস্টার ফার্মাসিউটিক্যালস- এই নয় কোম্পানি গত ২৭ ফেব্রুয়ারি হাই কোর্টের আদেশের পর এ মামলায় পক্ষভুক্ত হয় এবং আদেশ সংশোধন করে তাদের নাম বাদ দেওয়ার আবেদন করে।
শুনানি করে হাই কোর্ট ওই নয় কোম্পানির আবেদন নথিভুক্ত করার আদেশ দেয়।
জাতীয় সংসদের স্পিকারের অনুমতি নিয়ে গঠিত বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদনে ওই কোম্পানিগুলোর ওষুধ উৎপাদন বন্ধের সুপারিশ করার পরও তা বাস্তবায়িত না হওয়ায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাই কোর্টে রিট আবেদনটি করেছিল।
তাদের আবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ অনুসরণ না করে ওই ২৮টি কোম্পানি নিম্নমানের অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধ উৎপাদন ও বিপণন করছে এবং তাতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি সৃষ্টি হয়েছে।
ওষুধের মান ঠিক রাখতে উৎপাদন পদ্ধতি, লোকবল, কারখানার অবস্থান, পদ্ধতি, মোড়কজাতকরণসহ অনেক বিষয়ে নির্দেশনা রয়েছে ‘গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস’ বা জিএমপি নীতিমালায়।
১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশে বলা হয়েছে, কোনো কোম্পানি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি অনুসরণ না করলে লাইসেন্স বাতিল বা স্থগিত করা যাবে।
নিম্নমানের ওষুধ প্রস্তুত, মজুদ, অথবা বিক্রির জন্য সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক এক লাখ টাকা জরিমানাসহ শাস্তি অথবা উভয় দণ্ডের শাস্তিরও বিধান রয়েছে আইনে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
পক্ষভুক্ত নয়টি ওষুধ কোম্পানির পক্ষে ছিলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, ফিদা এম কামাল, কামরুল হক সিদ্দিকী, জে কে পাল, এ এম আমিনউদ্দিন, রমজান আলী সিকদার, রাগিব রউফ চৌধুরী ও মোস্তাক আহমেদ চৌধুরী।
পরে মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টেরয়েড ও ক্যান্সার প্রতিরোধক ওষুধের উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ বহাল রেখেছে হাই কোর্ট।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জাতীয় সংসদের স্পিকারের অনুমতিক্রমে গঠিত বিশিষজ্ঞ কমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগ ও ওষুধ প্রশাসনের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১৫ দিনের মধ্যে ওষুধ প্রশাসনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
মনজিল মোরসেদ বলেন, পক্ষভুক্ত নয়টি ফার্মাসিউটিক্যালসসহ ২৮টি ওষুধ কোম্পানি এ কমিটির কাছে জিএমপি নীতিমালার স্বক্ষমতা অর্জনের বিষয়ে আবেদন করলে তা যাচাই-বাছাই করে কমিটি তাদের আবেদন বিবেচনা করবে।
