মিথ্যাচার করছে বিসিক, দাবি ট্যানারি মালিকদের
সাভারের চামড়া শিল্প নগরী প্রস্তুত বলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প করপোরেশন (বিসিক) যে বক্তব্য আদালতে উপস্থাপন করেছে, তা মিথ্যা বলে দাবি করেছে হাজারীবাগ থেকে এখনি সরতে অনাগ্রহী ট্যানারি মালিকরা।
রোববার এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রায়ত্ত সংস্থাটির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহীন আহমেদ।
সর্বোচ্চ আদালতের চূড়ান্ত নির্দেশে ঢাকার হাজারীবাগের চামড়া শিল্প কারখানা বন্ধ হওয়ার চার দিন আগে
এই সংবাদ সম্মেলন করেন ট্যানারি মালিকরা।
হাজারীবাগে থাকতে অনেক চেষ্টা চালিয়েও ব্যর্থ ট্যানারি মালিকরা পরিবেশের ক্ষতিপূরণ বাবদ বকেয়া ৩০ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধের আদেশ স্থগিত এবং প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানার রায় পুনর্বিবেচনায় আবেদন করেছিলেন।
ওই আবেদন এখনি গ্রহণ না করে আপিল বিভাগ গত বৃহস্পতিবার এক রায়ে ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের সব ট্যানারি বন্ধের নির্দেশ দেয়।
আদালতের ওই নির্দেশের তিন দিন পর সংবাদ সম্মেলনে এসে শাহীন বলেন, সাভার চামড়া শিল্প নগরী বাস্তবায়নের দায়িত্ব পাওয়া বিসিক সর্বোচ্চ আদালতে অসত্য তথ্য পেশ করেছে। তাদের চরম ব্যর্থতা ও অব্যবস্থাপনার শিকার দেশের চামড়া শিল্প।
হাজারীবাগের ট্যানারি
বিসিকের অব্যবস্থাপনার ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৩ সালে প্রকল্প গ্রহণ করা হলেও ২০১২ সালের এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) নির্মাণের কার্যাদেশ দিতে পারেনি বিসিক। অথচ সর্বোচ্চ আদালতকে তথ্য দেওয়া হয়েছে-‘সিইটিটি প্রস্তুত, বর্জ্যের অভাবে তা চালু করা যাচ্ছে না’।
“বাস্তবতা হচ্ছে- বর্তমানে চামড়া শিল্প নগরীতে স্থানান্তরিত ৫০টি কারখানার বর্জ্য শোধন করাই যাচ্ছে না। অপরিশোধিত তরল বর্জ্য ধলেশ্বরী নদীতে যাওয়ায় সেখানে জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে।”
পিএসআই ছাড়া আমদানি করা সিইটিপির নিম্নমানের যন্ত্রপাতি পরামর্শক প্রতিষ্ঠানের আপত্তির মুখে এখনও চট্টগ্রাম বন্দরে পড়ে আছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ট্যানারি মালিকরা বলেন, সিইটিপি সংশ্লিষ্ট ক্রোম রিকভারী ইউনিট, ডাম্পিং ইয়ার্ড, স্লাজ পাওয়ার জেনারেশন সিসটেম নির্মাণ কাজ শুরুই হয়নি।
বুড়িগঙ্গা নদীর দূষণের জন্য হাজারীবাগের চামড়া শিল্পকে দায়ী করা হলেও এখন তা অনেকাংশে কমে গেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
“বুড়িগঙ্গা নদী ১২ শতাংশ দূষণের দায় চামড়া শিল্পের উপর দেওয়া হলেও ওয়েট ব্লু সেকশন স্থানান্তরের পর তা এখন ৫ শতাংশের নিচে নেমে এসেছে।”
বিসিকের বিরুদ্ধে ট্যানারি মালিকদের আরও অভিযোগ, স্থানান্তরিত কোনো কারখানায় এখনও গ্যাস সংযোগ দেওয়া হয়নি, যদিও অধিকাংশ উদ্যোক্তা সংযোগের জন্য আবেদন এবং ডিমান্ড নোটের টাকা জমা দিয়েছেন।
চামড়া শিল্প নগরীর প্লটগুলোর মালিকানা হস্তান্তরের দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন, এমনকি বরাদ্দ জমির মূল্যও চূড়ান্ত করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের একাংশ
ট্যানারি মালিকরা বলেন, মালিকানা স্বত্ব না পেলেও শিল্পোদ্যোক্তারা সেখানে এ পর্যন্ত ২২শ কোটি টাকা বিনিয়োগ করেছে। কিন্তু মালিকানা দলিল না থাকায় প্লট বন্ধক দিয়ে ব্যাংক ঋণ নিতে পারছে না। প্রকল্প ব্যয়ের অন্তর্ভুক্ত ক্ষতিপূরণের টাকা বিতরণও বিভিন্ন শর্তের জালে আটক আছে।
শাহীন খান বলেন, “এসব ব্যর্থতা ও অব্যবস্থাপনার দায় বিসিকের কর্মকর্তারা সংসদীয় কমিটির সভায় স্বীকার করেছেন। অথচ সুপ্রিম কোর্টে অসত্য তথ্য দিয়ে এমন ধারণা সৃষ্টি করেছেন যে, শিল্প নগরীতে সব সুযোগ সুবিধা নিশ্চিত করার পরেও উদ্যোক্তারা যাচ্ছেন না।”
সম্প্রতি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এনিয়ে আলোচনার পর কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, “সাভারে এখনও গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। জমি রেজিস্ট্রিও হয়নি, সিইটিপি ইনকমপ্লিট। এ অবস্থায় ব্যবসায়ীদের প্রেশার দিলে কীভাবে হবে?”
ট্যানালি মালিকদের নেতা শাহীন বলেন, “এই পরিস্থিতি গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে তা চামড়া শিল্পে মহা বিপর্যয় ডেকে আনবে। এই শিল্প নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বছরে দেড় বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব হবে না।
“এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্তত ৫০ লাখ মানুষ বেকার হয়ে পড়বে। প্রায় ১১শ কোটি টাকার বাস্তবায়নাধীন রপ্তানি আদেশ বাতিল হয়ে যাবে।”
চামড়া শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন মালিক সংগঠনগুলোর দাবি
* বিসিকের অব্যবস্থাপনার বিচারবিভাগীয় তদন্ত করতে হবে।
* সাভার চামড়া শিল্প নগরীর অসম্পূর্ণ সুযোগ সুবিধা ও স্থাপনার বিষয়ে প্রকৃত তথ্য বিসিককে প্রকাশ করতে হবে।
* উদ্যোক্তারা যাতে ঋণ সুবিধা পেতে পারে সেজন্য প্লটের মালিকানা দলিল রেজিস্ট্রেশন দ্রুত করতে হবে।
* অবিলম্বে সভার চামড়া শিল্প নগরীতে গ্যাস-বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে হবে। যারা শিল্প নগরীতে প্লট পাননি তাদের প্লট নিশ্চিত করতে হবে।
* আদালতের নির্দেশনা অনুযায়ী আগামী ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস ও বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন করতে হবে পরিবেশ অধিদপ্তরকে।
