পাইকারিতে চালের দাম বেড়েছে
পাইকারি বাজারে চালের দাম গত সপ্তাহের তুলনায় কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার উত্তর বাড্ডার মোকামের সাতারকুল রাইস এজেন্সির ব্যবস্থাপক ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন ধান আসার আগ মুহূর্তে বড় বড় রাইস মিলগুলো চালের দাম বাড়িয়েছে।
এর মধ্যে মিনিকেট চালের দাম ব্যাপক বেড়েছে জানিয়ে তিনি বলেন, চালের সবচেয়ে বড় সরবরাহকারী রশিদের মিনিকেটের বস্তার দাম ২৫৬০ টাকা, যা ১০ দিন আগেও ছিল ২৩৯০ টাকা।এরফানের চালের বস্তার মিল গেটে বিক্রি হচ্ছে ২৫৫০ টাকা, যা আগে ছিল ২৩৫০ টাকা। আর ২৩৮০ টাকার মোজাম্মেল রাইস মিলের চালের দাম বেড়ে হয়েছে ২৫৬০ টাকা।
ফয়সাল বলেন, “মোটা চালও বস্তায় দেড়শ টাকা বেড়েছে। ২০৭০ টাকার বিআর-২৮ চালের বস্তা এখন ২২২০ টাকা। স্বর্ণার বস্তার দাম ৫০ টাকা বেড়ে ১৯০০ টাকায় উঠেছে। পাইজামের বস্তা বিক্রি হচ্ছে ২০২০ টাকা, বেড়েছে ৭০ টাকা।”
মোকামে মিনিকেট চাল কিনতে এসে মুদি দোকানি আলাউদ্দিন জানতে পারলেন, ৫০ কেজির এক বস্তা চালের দাম গত সপ্তাহের চেয়ে ২০০ টাকা বেড়ে ২ হাজার ৫৬০ টাকা উঠেছে।মোটা চালের দামও বেড়ে জেনে কথা না বাড়িয়ে সামনে হাঁটতে থাকলেন আলাউদ্দিন।
জানতে চাইলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতো দামে চাল কিনে খুচরায় বিক্রি করবো কত টাকা? বিআর আঠাশের দাম কেজিতে পড়ছে সাড়ে ৪৪ টাকা। এখনও খুচরায়ও এই দাম আছে। তাহলে আমি বিক্রি করতো কত টাকায়?
তবে চালের দামের সঙ্গে বেড়ে যাওয়া ময়দার দাম চলতি সপ্তাহে কিছুটা কমতে শুরু করেছে বলে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন।
বাড্ডার সিটি স্টোরের পরিচালক বিল্লাল হোসেন জানান, তীর ব্রান্ডের ময়দার ৫০ কেজির বস্তা গত ডিসেম্বর থেকে ১৮৬০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন সেটা ১৫৮০ টাকায় বিক্রি হচ্ছে।
“আর ডায়মন্ড, তারাসহ অন্যান্য ব্রান্ডের ময়দা বিক্রি হচ্ছে বস্তা ১২শ টাকায়।”
বাজারে পেয়াজ, রসুন, আলু, সয়াবিন তেল, পাম তেলের দাম স্থিতিশীল আছে জানিয়ে এই পাইকারি বিক্রেতা বলেন, চিনির বস্তা এখন তিন হাজার টাকা। পাইকারিতে দেশি মসুর ডাল ১০৫ টাকায় মিলছে ।
বাড্ডা ও রামপুরা বাজার ঘুরে দেখা যায়, ইলিশ ছাড়া বাকি সব রকমের মাছই গত সপ্তাহের মতো স্থিতিশীল দামে বিক্রি হচ্ছে।
তবে পহেলা বৈশাখকে সামনে রেখে এখনই আটশ গ্রাম ওজনের ইলিশের দাম ১৪শ’ থেকে ১৬শ’ টাকা হাঁকছেন বিক্রিতারা। এছাড়া তেলাপিয়া মাছ ১৬০ টাকা, রুই মাছ ২২০ টাকা, পাঙ্গাস ১২০ টাকা, কাতল ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া গরুর মাংস বিক্রি হচ্ছে ৪৭০ থেকে ৪৮০ টাকা কেজিতে।
সবজির বাজারে টমেটো বিক্রি হচ্ছে ২০ থেকে ২০ টাকা কেজিতে। এছাড়া সিম ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, পেপে ২৫ টাকা, কাচা মরিচ ৬০ টাকা, করলা ৪০ টাকায় প্রতি কেজি বিক্রি হতে দেখা গেছে।
