২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্পোরেটদের হাতে জনতা ব্যাংকের ঋণ’

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে দেওয়া ঋণ মুষ্টিমেয় করপোরেটের হাতে আটকে রয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদ-উজ-জামান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2017, 08:00 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

শুক্রবার সকালে চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়াহিদ-উজ-জামান বলেন, জনতা ব্যাংকের ঋণ কিছু করপোরেট মানুষের হাতে রয়ে গেছে। ফলে সম্পদের বৈষম্য বাড়ছে।

“এই বৈষম্য নিরসনে আমরা চাই ব্যাংকের ঋণ আরও নতুন নতুন গ্রাহকের কাছে পৌঁছে যাক। এতে করে সমাজের ভারসাম্য রক্ষা হবে এবং পশ্চাদপদ জনগোষ্ঠী উঠে আসবে।”

শ্রেণিকৃত খেলাপি ঋণকে ‘গলার কাঁটা’ আখ্যায়িত করে জনতা ব্যাংক চেয়ারম্যান বলেন, এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ও বাণিজ্যিক ঋণ বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। এজন্য এ খাতে সুদের হার কমিয়ে দিয়ে বিনিয়োগকারীদের সহায়তা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর শেষে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬২ হাজার কোটি টাকার বেশি, যা ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৯ দশমিক ২৩ শতাংশ।

নারী উদ্যোক্তা বাড়ানোর ওপর জোর দিয়ে ওয়াহিদ-উজ-জামান বলেন, “আমাদের নারীরা এগিয়ে না আসলে কখনো সমাজের উন্নয়ন হবে না। তাই নারীদের ঋণ প্রদানে সর্বাত্মক সহায়তা করতে হবে।

“প্রতিযোগিতামূলক ব্যাংকি ব্যবস্থায় আমরা টিকে থাকতে চাই। এ লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণের কোনো বিকল্প নেই। জনতা ব্যাংককে আমাদের ব্র্যান্ডে পরিণত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জনতা ব্যাংকের সিইও এবং এমডি আবদুস সালাম বলেন, “জনতা ব্যাংক জাতির জনকের প্রতিষ্ঠিত একটি ব্যাংক। এই ব্যাংকের সুনাম আমাদের ধরে রাখতে হবে।

“আমরা গ্রাহক সেবা ঠিকমতো দিতে পারছি কি না সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। কোন গ্রাহক যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সর্তক দৃষ্টি রাখতে হবে।”

জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মো. আবদুছ ছালাম আজাদ ও মো. নাজিম উদ্দিন, ডিজিএম কামরুল আহসান, হুমায়ুন কবির চৌধুরী, আবদুর রশিদ, সিরাজুল করিম মজুমদার, ফারুক আহমদ ও সরোয়ার কামাল।