২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরএফএল-বৈশাখীর ‘তোমার গল্পে সবার ঈদ’ প্রতিযোগিতা

আসন্ন ঈদকে সামনে রেখে তরুণ লেখকদের গল্প নিয়ে পাঁচটি হাসির নাটক নির্মাণ করছে বৈশাখী টেলিভিশন ও আরএফএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2017, 03:09 PM

Updated : 19 Aug 2022, 04:11 PM

এজন্য গল্প লেখা প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছে দুই প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার ঢাকার বাড্ডায় প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরেন আরএফএল প্লাস্টিকের প্রধান বিপণন কর্মকর্তা আরাফাতুর রহমান।

তিনি বলেন, তরুণ লেখক তৈরির লক্ষ্যে আরএফএল প্লাস্টিকসের পণ্য ডায়মণ্ড কালেকশন জগ ও বৈশাখী টিভির আয়োজনে শুরু হয়েছে গল্পে লেখা প্রতিযোগিতা ‘তোমার গল্পে সবার ঈদ’।

ষষ্ঠবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতার শিরোনাম ‘লেখো গল্প, হও নাট্যকার’। এবারের গল্পের বিষয়বস্তু হাসির গল্প, যা হতে হবে এক হাজার শব্দের মধ্যে।

আর বিচারকদের চোখে নির্বাচিত ৫টি গল্পের লেখকরা পাবেন ৫০ হাজার টাকা করে সম্মানি।

এছাড়া নির্বাচিত সেরা পাঁচটি গল্প থেকে পাঁচটি নাটক নির্মাণ করবেন দেশ সেরা নাট্যকাররা। নাটক প্রচারিত হবে বৈশাখী টিভির ঈদের আয়োজনে।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, ইমদাদুল হক মিলন ও আনিসুল হক।

আরাফাত বলেন, “আমরা কিছু মৌলিক গল্প দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করছি। কারণ ভালো নির্মাণ বার বার দর্শকদের মনোযোগ পেয়েছে।”

আগামী ১৫ এপ্রিলের মধ্যে বৈশাখী টেলিভিশনের ঠিকানায় অথবা sopnopuron@boishakhi.tv এই ঠিকানায় সফট কপি পাঠাতে হবে। এছাড়া হাতে হাতেও জমা দেওয়া যাবে গল্প।

বৈশাখী টেলিভিশনের হেড অব মার্কেটিং সজল সাহা বলেন, নতুন গল্পকার ও নাট্যকার তৈরির লক্ষ্যে এই আয়োজন। এর আগের আয়োজনগুলোতে যারা পুরস্কার জিতেছিল তারা এখন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে পেশাদার নাট্যকার।

আরএফএল প্লাস্টিকের ব্রান্ড ম্যানেজার তোহিদ তুষার খান, প্রাণ আরএফএল গ্রুপের মিডিয়া বিভাগের প্রধান সুজন মাহমুদ, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান প্রধান আহসান কবির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।