ঢাকা ট্রাভেল মার্টে বিভিন্ন অফার দিচ্ছে ইউএস-বাংলা
ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটের ভাড়ার ওপর মূল্যছাড়ের পাশাপাশি ভ্রমণে বিভিন্ন প্যাকেজ সুবিধা নিয়ে আসছে বিমান কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইনস।
বুধবার তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ঢাকা ট্রাভেল মার্ট ২০১৭ অনুষ্ঠিত হবে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ।
মেলার টাইটেল স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইনস; পৃষ্ঠপোষকতায় রয়েছে ট্রাভেল বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলা উপলক্ষে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন রুটে নির্দিষ্ট ভাড়ার উপর ১৫ শতাংশ মূল্য ছাড় ঘোষণা করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।
এর বাইরে মেলায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ভ্রমণের জন্য আকর্ষণীয় প্যাকেজ ট্যুর চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনসের প্যাভিলিয়ন থেকে সব ধরনের অফার নেওয়া যাবে বলে জানানো হয়।
এছাড়া মেলা প্রাঙ্গণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফটো বুথে থাকবে সেল্ফি কনটেস্ট। এতে অংশ নেওয়া দর্শনার্থীরা তাদের সেল্ফি ইউএস-বাংলা এয়ারলাইনসের অফিসিয়াল ফেইসবুক পেইজে শেয়ার দিয়ে প্রতিদিন ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা কাপল টিকেট জয়ের সুযোগ পাবেন।
ইউএস-বাংলার প্যাভিলিয়ন ভিজিট করে প্রতিদিন দুইবার র্যাফেল ড্র প্রতিযোগিতায় অংশ নিয়েও আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মেলার সাধারণ দর্শনার্থীদের প্রবেশ টিকেটের উপরও থাকছে র্যাফেল ড্র, যাতে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ও ঢাকা-কক্সবাজার-ঢাকা টিকেট এবং বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরষ্কার।
