২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মার্কেন্টাইল ব্যাংক-আব্দুল জলিল শিক্ষা বৃত্তি ২০১৫’ প্রদান

এক হাজার ৯১ জন শিক্ষার্থীর মধ্যে এক কোটি ২৪ লাখ ৯৮ হাজার টাকার বৃত্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2017, 08:57 PM

Updated : 19 Aug 2022, 04:06 PM

‘মার্কেন্টাইল ব্যাংক-আব্দুল জলিল শিক্ষা বৃত্তি ২০১৫’ এর আওতায় বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান করে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয় বলে ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র বিতরণ করেন।

যথাযথ অধ্যয়ন ও অধ্যাবসায়ের মাধ্যমে সুযোগ্য নাগরিক হিসেবে দেশ সেবায় প্রস্তুত হতে শিক্ষার্থীদের আহ্বান জানান মন্ত্রী।

তিনি মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের স্মৃতিচারণ করে তার নামানুসারে ২০১০ সাল থেকে প্রবর্তিত মার্কেন্টাইল ব্যাংকের বাৎসরিক এ বৃত্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে অধিকতর ভালো ফল করতে অনুপ্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেন।

ব্যাংকের চেয়ারম্যান শহিদুল আহ্সানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, একেএম সাহিদ রেজা, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন আলম; পরিচালক এএসএম ফিরোজ আলম এবং এম আমানউল্লাহ উপস্থিত ছিলেন।