২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনআরবি কমার্শিয়াল ব্যাংক চেয়ারম্যানকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতির দুই অভিযোগ অনুসন্ধানে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2017, 04:48 PM

Updated : 11 Apr 2022, 11:11 PM

মঙ্গলবার দুপুরে দুদক প্রধান কার্যালয়ে কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচায্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলীর বিরুদ্ধে দুর্নীতির দুইটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে মঙ্গলবার তাকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

অভিযোগের বিষয়ে প্রণব বলেন, “এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ব্যাংকে নিজে কোনো বিনিয়োগ না করে শেয়ার প্রিমিয়ামের টাকা সংগ্রহ করে নিজে ও পরিবারের সদস্যদের নামে বিনিয়োগ তথা অর্থ আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

“এছাড়া ফরাসত আলী ব্যাংকে বিভিন্ন অনিয়ম এবং বোর্ড সভার অনুপস্থিত সদস্যদের স্বাক্ষর জাল করে এবং সেইসব সদস্যদের সভায় উপস্থিত দেখিয়ে গ্রাহকদেরকে মোটা অংকের অর্থ ঋণ প্রদানসহ অন্যান্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে অভিযোগ রয়েছে।”

গত বছরের ১৭ সেপ্টেম্বর ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ঋণ প্রদানে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয় হাই কোর্ট।