হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাণের মতবিনিময়
নিজেদের প্রতিষ্ঠিত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিরয়াল পার্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে প্রাণ-আরএফএল গ্রুপ।
সোমবার এই মতবিনিময় অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাণ-আরএফএল গ্রুপ হবিগঞ্জের ওলিপুরে ২১৭ একর এলাকা জুড়ে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তুলেছে।
এখানে কারখানায় বর্তমানে ক্যান্ডি, লিকুইড গ্লুকোজ, বিস্কুট, ফ্রুট ড্রিংক, বেভারেজ, কনফেকশনারি, ইলেকট্রিক ক্যাবলস, ফ্যান, মেলামাইন, বাইসাইকেল, পিভিসি, মোল্ডেড প্লাস্টিক, এমএস ও জিআই পাইপ, টেক্সটাইল, টয়লেট্রিজ ও চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদিত হচ্ছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠার পর গত তিন বছরে ১৮ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্কে। বর্তমানে কারখানাতে ৩৭টি প্রোডাকশন লাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করা হচ্ছে।
আগামী বছর নাগাদ আরও ৮-১০টি প্রোডাকশন লাইন এখানে যুক্ত হবে। এতে অতিরিক্ত আরও প্রায় ৫ থেকে ৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে আগামী বছর কর্মীসংখ্যা ২৫ হাজার হতে পারে।
সভায় জানানো হয়, আধুনিক সুযোগ-সুবিধাসহ ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন একটি স্কুল স্থাপন করা হয়েছে। বর্তমানে এই স্কুলে প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছে।
মতবিনিময় সভায় প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল, ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার এইচ এম মঞ্জুরুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জেনারেল ম্যানেজার আরএফএল-অ্যাডমিন ফজলে রাব্বি, সিনিয়র ম্যানেজার প্রাণ-অ্যাডমিন এহসানুল হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের কমিউনিকশেন ম্যানেজার জিয়াউল হক উপস্থিত ছিলেন।
