সুস্থ বাংলাদেশের ‘স্বপ্নে’ টেকনাফ-তেঁতুলিয়া দৌড়
‘দ্য গ্রেট বাংলাদেশ রান- রান ফর হেলদি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দৌঁড়েছেন মোহাম্মাদ সামছুজ্জামান আরাফাত।
প্রথম ব্যক্তি হিসেবে এক হাজার কিলোমিটারের বেশি এ পথ পাড়ি দিতে তিনি ২০ দিন সময় নিয়েছেন বলে সোমবার ‘উডপেকার’ নামে একটি প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ১৫ ফেব্রুয়ারি টেকনাফের নোয়া পাড়া পরিবেশ টাওয়ার থেকে শুরু হওয়া তার এ দৌড় সোমবার বেলা পৌনে ১১টায় তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।
স্থানীয় মানুষজনের অভ্যর্থনার পাশাপাশি সেখানকার কিছু উৎসাহী শিক্ষার্থীও আরাফাতের সঙ্গে দৌড়ে যোগ দেয়।
তেঁতুলিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও বাংলাবান্ধার ইউনিয়ন চেয়ারম্যান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এতে আরাফাতকে উদ্বৃত করে বলা হয়, “এটা একটা মাইন্ড গেম, ধৈর্য শক্তির পরীক্ষা। নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা করে যাচ্ছি প্রতিনিয়ত। এই দৌড়ের মাধ্যমে সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমি এর প্রতিপাদ্যও ঠিক করেছিলাম।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করে এনআরবি কমার্শিয়াল ব্যাংকে কর্মরত আছেন আরাফাত। এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতার এই দৌড়ে কৌশলগত সহায়তায় দিয়েছে উডপেকার ।
