২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমছে মোবাইলে অর্থ লেনদেনের চার্জ

বাংলাদেশ ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের চার্জ কমানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুখপাত্র শুভংকর সাহা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 10:38 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে মোবাইল ব্যাংকিংয়ের চার্জ নিয়ে আলোচনা হয়েছে। পর্ষদ এ চার্জ কমানোর ব্যাপারে উদ্যোগ নিয়েছে।

“চার্জ কমানোর অংশ হিসেবে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকও করেছে বাংলাদেশ ব্যাংক।”

মোবাইল ব্যাংকিংয়ে কোনো একাউন্ট থেকে এক হাজার টাকা উত্তোলন (ক্যাশ আউট) করতে বর্তমানে সেবা দাতা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১৮ টাকা ৫০ পয়সা পর্যন্ত চার্জ দিতে হয়।

শুভংকর সাহা বলেন, “সম্প্রতি বিকাশসহ কয়েকটি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে বেশ কিছু অনিয়মের খবর বেরিয়েছে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে।

“মোবাইল ব্যাংকিং একটি সীমিত ব্যাংকিং সেবা। তবে এখন ওভার দ্য কাউন্টার (ওটিসি) বেড়ে গেছে। এর মাধ্যমে অনিয়মও বেড়েছে।”

মোবাইল ব্যাংকিং সেবার ৭৫ শতাংশ ‘বিকাশ’ নিয়ন্ত্রণ করে জানিয়ে তিনি বলেন, “তাই অপরাধের খবরও তাদের বেশি। তবে সব কিছু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রয়েছে।”

মোবাইল ব্যাংকিং সেবায় কোনো কোনো এজেন্ট শতাধিক ব্যক্তিগত হিসাব খুলে সেবা প্রদান করছে বলে অনুসন্ধানে পাওয়ার কথা জানান শুভঙ্কর সাহা।

তিনি বলেন, “এর মাধ্যমে তারা অবৈধভাবে সেবা প্রদান করছে। বাংলাদেশ ব্যাংক এক হাজার এজেন্টের কার্যক্রম পরিদর্শন করছে। এরপরই এ সেবার নীতিমালার বিষয়ে চিন্তাভাবনা করা হবে।”

মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের সীমা সম্প্রতি কমানো হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসএম মনিরুজ্জামান বলেন, “এতে একজন গ্রাহক তার মোবাইল হিসাবে সর্বোচ্চ ২ বারে ১৫ হাজার টাকা নগদ জমা এবং ১০ হাজার টাকা নগদ উত্তোলন করতে পারবেন। এভাবে মাসে তিনি ২০ বারে এক লাখ টাকা পর্যন্ত নগদ জমা এবং ১০ বারে ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ উত্তোলন করতে পারবেন।”

তিনি জানান, একটি মোবাইল হিসাবে নগদ অর্থ জমা হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যে ৫ হাজার টাকার বেশি উত্তোলন করা যাবে না। এই নির্দেশনা শুধু মোবাইল হিসাবে ক্যাশ ইন হলেই প্রযোজ্য হবে। এ নিয়ম প্রতিষ্ঠানের বেতন, পোশাক শ্রমিকদের বেতন, বিদ্যুৎ বিল, মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

“মোবাইল ব্যাংকিং সেবা সুশৃঙ্খল রাখতেই বিভিন্ন সময়ে পরিবর্তন আনা হয়। দেশের বৃহত্তর স্বার্থেই পরিবর্তন আসে।”

বিকাশকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে পেমেন্ট সিস্টেমস বিভাগের মহাব্যবস্থাপক লীলা রশিদ বলেন, “এ সেবায় অনুমোদন পাওয়া সবাইকে একই নিয়ম মেনে চলতে হয়।

“তবে শুধু মোবাইল ব্যাংকিং সেবায় মনোযোগ থাকায় বিকাশ এগিয়ে গেছে। বিদেশি বিনিয়োগও এসেছে বিকাশে। ব্যাংকগুলোর অনেক সেবার মধ্যে মোবাইল ব্যাংকিং একটি, এ কারণে ব্যাংকগুলো পেরে উঠছে না।”

গত ১১ জানুয়ারি মোবাইল ব্যাংকিং সেবার লেনদেন সীমা কমিয়ে এক সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহাব্যবস্থাপক (জিএম) আবুল কালাম আজাদসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।