২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিগুণ এলইডি টিভি বিক্রির লক্ষ্য ওয়ালটনের

গতবছরের প্রবৃদ্ধির ধারাবাহিকতায় এ বছর দ্বিগুণ এলইডি টেলিভিশন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2017, 06:15 PM

Updated : 11 Oct 2022, 01:34 PM

গত বছরও কোম্পানিটি এলইডি টেলিভিশন বিক্রিতে ৩১৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছর ৭ লাখ এলইডি টেলিভিশন বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে ওয়ালটন, যা গত বছরের চেয়ে ১০৩ শতাংশ বেশি। 

নতুন প্রযুক্তির সংযোজন, উৎপাদন বৃদ্ধি ও বিভিন্ন মডেলের এলইডি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন। নিজস্ব কারখানায় উৎপাদনের ফলে কমে এসেছে পণ্যের উৎপাদন খরচ। ফলে ওয়ালটন এলইডি টিভির দাম কয়েক দফা কমেছে, বেড়েছে চাহিদা।

গত বছর দেশের বাজারে ৩ লাখ ৪৪ হাজার এলইডি টিভি বিক্রি হয়েছে, যা ২০১৫ সালের তুলনায় ৩১৩ শতাংশ বেশি। চলতি বছর এলইডি টিভি বিক্রিতে ১০৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের টার্গেট নিয়েছে ওয়ালটন, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ওয়ালটন টেলিভিশন সোর্সিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অতিরিক্ত পরিচালক মোস্তফা নাহিদ হোসেন বলেন, ইলেকট্রনিক্স, অপ্টিক্যাল এবং মেকানিক্যাল ডিজাইনিংসহ সব ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে ওয়ালটন। এরই ধারাবহিকতায় টেলিভিশন গবেষণায় ওয়ালটন উদ্ভাবন করেছে কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির আগামী প্রজম্মের স্পেকট্রাকিউ টিভি।

তিনি আরও জানান, যেখানে সাধারণ প্রযুক্তির টেলিভিশনে কালার প্রদর্শনের ক্ষমতা ৬৮ থেকে ৭০ শতাংশ, সেখানে ওয়ালটনের স্পেকট্রাকিউ টিভি ৯৯ থেকে ১০০ শতাংশ পর্যন্ত কালার প্রদর্শন করবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান এমদাদুল হক সরকার বলেন, এই বছরেও স্পেকট্রাকিউ, ৭৫ ইঞ্চির ফুল এইচডি, ফোরকে রেজ্যুলেশনের ৯৫ ইঞ্চির বড় পর্দার টিভিসহ বেশকিছু নতুন প্রযুক্তি ও মডেলের এলইডি টিভি বাজারে ছাড়ছে ওয়ালটন। আরও ছাড়া হবে এন্ড্রয়েড স্মার্ট ও ইন্টারনেট টিভি।

ওয়ালটন টেলিভিশন বিপণন বিভাগের প্রধান আব্দুল বারী জানান, স্থানীয় বাজারে ওয়ালটন ১৯, ২০, ২৪, ২৮, ৩২, ৩৯, ৪০, ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির ৭০টিরও বেশি মডেলের এলইডি, এন্ড্রয়েড স্মার্ট ও ইন্টারনেট টেলিভিশন বাজারজাত করছে। এসব টিভির দাম সর্বনিম্ন ৮ হাজার ৯৯০ টাকা থেকে সর্বোচ্চ এক লাখ ১০ হাজার টাকা পর্যন্ত।

এছাড়া রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সর্বোচ্চ ৩৬ মাসের সহজ কিস্তিতে কেনার সুবিধা।